নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফেরত পাঠাতে আগামী মাসের ৩ তারিখে মিয়ানমারের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুুল মোমেন।
তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপ মে মাসের ৩ তারিখ মিয়ানমারের রাজধানী নেইপিডোতে করণীয় ঠিক করতে আলোচনায় বসছে। এ বৈঠক সচিব পর্যায়ে, নাকি জ্যেষ্ঠ কূটনীতিক পর্যায়ে হবেÑ তা নিশ্চিত করতে পারেননি আবদুুল মোমেন।
গুঞ্জন আছে, বিএনপির কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়া জামিন নিয়ে শিগগিরিই লন্ডন যাবেন। এ বিষয়ে ব্রিটিশ হাইকমিশন পররাষ্ট্র মন্ত্রণালয়কে কিছু জানিয়েছে কি না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘তার জামিন প্রসঙ্গে এখনো ক্লিয়ার হওয়ার মতো কিছু আসেনি। ফলে আমি কিছু জানি না।’