বগুড়ায় মির্জা ফখরুল

এখন কোনো মানুষের জীবনের নিরাপত্তা নেই

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ সরকারের আমলে কোনো মানুষের জীবনের নিরাপত্তা নেই, কোনো জবাবদিহিতা নেই, কোনো বিচার নেই। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্র প্রকাশ হয়েছে বগুড়ায় বিএনপি নেতা শাহীন হত্যাকাণ্ডের মধ্য দিয়ে।

দুর্বৃত্তদের হাতে নিহত বগুড়া সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুব আলম শাহীনের পরিবারের সদস্যদের সঙ্গে গতকাল বৃহস্পতিবার সাক্ষাতের পর  সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, শাহীন হত্যার ঘটনায় শুধু বগুড়ায় নয়, সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে। শাহীনের কোনো শত্রু ছিল না। শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ কারণে বগুড়াবাসী আজ

 

ক্ষুব্ধ। তিনি বলেন, পুলিশ প্রশাসন শাহীনের প্রকৃত খুনিদের গ্রেপ্তারে ব্যর্থ হলে বগুড়াবাসী বসে থাকবে না।

মির্জা ফখরুল এদিন ঢাকা থেকে বগুড়া এসে শহরের ধরমপুরে নিহত শাহীনের বাসভবনে যান। সেখানে তিনি শাহীনের স্ত্রী আকতার জাহান শিল্পী, দুই ছেলে সায়েম ও সিয়াম, মেয়ে সুজনা এবং পরিবারের সদস্যদের সান্ত¡না দেন। এ সময় তিনি জানান, বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়াকে এ হত্যাকা-ের বিষয়ে জানানো হয়েছে। তিনি অত্যন্ত মর্মাহত হয়েছেন। এ হত্যাকা-ের বিচার না হওয়া পর্যন্ত বিএনপি সব ধরনের সহযোগিতা করে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস দুলু, বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, বগুড়া পৌর মেয়র এ কে এম মাহবুবর রহমান, সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন। মির্জা ফখরুল শাহীনের পরিবারের সদস্যদের সমবেদনা জানানোর পর নেতাদের নিয়ে তার কবর জিয়ারত করেন। এরপর তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালুকে দেখতে যান।