গণশুনানিতে দুদক কমিশনার

সময় থাকতে ভালো পথে আসুন

দুদক কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম বলেছেন, সময় থাকতে ভালো পথে চলে আসুন। এতে দেশ ও জনগণের মঙ্গল। দুর্নীতি করে কেউ পার পাবেন না। আইনের আওতায় তাদের আসতেই হবে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার মিলনায়তনে গণশুনানিতে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে কমিশনার বলেন, দেশে জনগণ সেবাবঞ্চিত হচ্ছে কেন? জনগণ সেবা পেলে কেন লাখ লাখ অভিযোগ?

গণশুনানির শুরুতে সদর হাসপাতালে চিকিৎসাবঞ্চিতদের অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ। সম্প্রতি ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু-সমস্যার যথাযথ সামাধান না করে উল্টো ডাক্তাদের আন্দোলন নিয়ে প্রশ্ন তোলেন উপস্থিত সেবাবঞ্চিতরা। জয়নাল আবেদীন নামে এক সেবাবঞ্চিত অভিযোগ করেন, সদর হাসপাতালে বেশ কয়েকবার গিয়েও তিনি চিকিৎসা পাননি। ডাক্তাররা তার সঙ্গে খারাপ ব্যবহার করে হাসপাতাল ছাড়তে বাধ্য করেছেন। নাজিম উদ্দীন নামে একজন বলেন, কথায় কথায় সদর হাসপাতালের ধর্মঘটের কারণে দুই সপ্তাহে ২০ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাসেবা প্রার্থীদের মারধর করে জেলে পাঠিয়েছে ডাক্তাররা। তিনি আরও অভিযোগ করেন, রোগীর স্বজনদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সদর হাসপাতালে খাবারের মানও নিম্নমানের। উত্তর পর্বে সদর হাসপাতালের ডা. বিনয় পাল সন্তোষজনক উত্তর দিতে না পারায় উপস্থিত সবার মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

সদর উপজেলা ভূমি অফিস, জরিপ অফিস, সাব রেজিস্ট্রার অফিস, পল্লীবিদ্যুৎ অফিস, হিসাব রক্ষণ অফিস, পিআইও অফিস, সমবায় অফিস, সমাজসেবা অফিস, যুব উন্নয়ন অফিস, প্রাথমিক শিক্ষা অফিস, মাধ্যমিক শিক্ষা অফিসসহ বেশ কয়েকটি সরকারি অফিসের কর্মকর্তারা গণশুনানিতে উপস্থিত থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় নানা অভিযোগের সমাধানও দেওয়া হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আফসার, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।