মহেন্দ্র সিং ধোনির মতো একজন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যানকে পাওয়াটা ভারত দলের জন্য সৌভাগ্যের বলে মনে করেন অধিনায়ক বিরাট কোহলি। তার মতে, এমন একজন খেলোয়াড় দলে থাকায় বিশ্বকাপের মতো আসরে সাফল্যের সম্ভাবনা আরও বেড়ে যায়।
কোহলি সত্যিই বলেছেন। ধোনি মানে বর্তমান ক্রিকেটে অভিজ্ঞতার বিশাল ভাণ্ডার। এখন পর্যন্ত খেলেছেন ৩৪১ ওয়ানডে। করেছেন সাড়ে দশ হাজার রান। গড় ৫০ এর উপরে। আর উইকেটকিপার হিসেবে ধোনি সবসময়ই ভারত দলে প্রথম পছন্দ।
আসছে বিশ্বকাপেও ভারত দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ধোনি। বয়স ৩৮ ছুঁই ছুঁই হলেও তার পারফরম্যান্সে বার্ধক্যের ছাপ নেই। ভারতকে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো অধিনায়ক ধোনির প্রশংসায় পঞ্চমুখ দলটির বর্তমান অধিনায়ক কোহলি।
“ম্যাচ খুব ভালো করে বুঝতে পারেন এমন একজন খেলোয়াড় তিনি। ম্যাচের প্রথম বল থেকে ৩০০ বল পর্যন্তই ম্যাচটা ভালোভাবে বুঝতে পারেন। আমি বলবো না যে, তাকে পাওয়াটা আভিজাত্যের কিছু। তবে উইকেটের পেছনে এমন মনের একজন মানুষ পেয়ে আমি ভাগ্যবান।”
এবারের বিশ্বকাপটা কোহলির জন্য ভিন্ন আবহ। তার নেতৃত্বে বিশ্বকাপ খেলবে টিম ইন্ডিয়া। ব্যাপারটা নিয়ে রোমাঞ্চিত কোহলি- “২০১১ সালে আমি দলেই ছিলাম, কিন্তু টিম মিটিং কিংবা সিদ্ধান্ত তৈরিতে আমার কোনও হাত ছিল না। ২০১৫ সালেও সবকিছুর সঙ্গে সংশ্লিষ্টতা ছিল না আমার।...এবার বিষয়টা একেবারেই আলাদা। আমি মুখিয়ে আছি।”