আসছে ১৪ মে থেকে বসতে যাচ্ছে বিশ্বের অন্যতম সম্মানজনক ‘কান চলচ্চিত্র উৎসব’-এর ৭২তম আসর। দক্ষিণ ফরাসি উপকূলের শহরে উৎসব চলবে ২৫ মে পর্যন্ত। এরই মধ্যে এ উৎসবের চূড়ান্ত মনোনয়নের অফিশিয়াল তালিকা প্রকাশ হয়েছে। সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম তথা পাম দ’অরের জন্য প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ১৯টি ছবি। ফ্রান্সের রাজধানী প্যারিসের শসলিজেতে গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নির্বাচিত ছবিগুলোর নাম ঘোষণা করেন কান উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমো। এ সময় তার পাশে ছিলেন উৎসবের সভাপতি পিয়েরে লেসকিউ। এবার প্রতিযোগিতা বিভাগে বিচারকদের প্রধান থাকছেন মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো গঞ্জালেজ ইনারিতু। আর এ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হবে হলিউডের বিখ্যাত পপ গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজের ‘দ্য ডেড ডোন্ট ডাই’ সিনেমা দিয়ে। প্রয়াত নির্মাতা আনিয়েস ভারদার প্রথম ছবির শুটিংয়ে তোলা একটি স্থিরচিত্র নিয়ে সাজানো হয়েছে এবারের আয়োজনের অফিশিয়াল পোস্টার।
একনজরে মনোনয়ন
প্রতিযোগিতা বিভাগ : দ্য ডেড ডোন্ট ডাই (জিম জারমাশ, উদ্বোধনী ছবি), পেইন অ্যান্ড গ্লোরি (পেদ্রো আলমোদোভার), দ্য ট্রেইটর (মার্কো বেলোচ্চিও), প্যারাসাইট (বন জুন হো), ইয়াং আহমেদ (জ্যঁ-পিয়ের দারদেন ও লুক দারদেন), ওহ মার্সি! (আহনু দিপ্লোশাঁ), দ্য ওয়াইল্ড গুজ লেক (ডিয়াও ইনান), আটলান্টিক (মাটি ডিওপ), ম্যাথিয়াস অ্যান্ড ম্যাক্সিম (হাভিয়ার দোলান), লিটল জো (জেসিকা হজনার), সরি উই মিসড ইউ (কেন লোচ), লে মিসারেবলস (লেজ লি), অ্যা হিডেন লাইফ (টেরেন্স মালিক), বাকুরাউ (ক্লেবার মেনদোসা ফিলো ও জুলিয়ানো দোরনেলিস), দ্য হুইজলারস (কর্নেলিউ পরমবয়ু), ফ্রাঙ্কি (আইরা সাকস), পোট্রেট অব দ্য ইয়াং গার্ল ইন ফায়ার (সেলিন সিয়ামা), ইট মাস্ট বি হ্যাভেন (ইলিয়া সুলেমান) ও সিবল (জাস্টিন ত্রিয়েত)।
আউট অব কম্পিটিশন : দ্য গুড টাইমস (নিকোলা বেদোস), রকেটম্যান (ডেক্সটার ফ্লেচার), ডিয়েগো ম্যারাডোনা (আসিফ কাপাডিয়া), দ্য বেস্ট ইয়ারস অব অ্যা লাইফ (ক্লদ ল্যঁলুশ), টু ওল্ড টু ডাই ইয়াং-নর্থ অব হলিউড ও ওয়েস্ট অব হেল (নিকোলাস উইন্ডং রেফন)।
স্পেশাল স্ক্রিনিং : ফর সামা (ওয়াদ আল কাতিব ও এডওয়ার্ড ওয়াটস), শেয়ার (পিপা বিয়াংকো, প্রথম ছবি), বি লিভিং অ্যান্ড নলেজ (আলা ক্যাভালিয়ের), টমাসো (আবেল ফেরেরা) ও ফ্যামিলি রোম্যান্স, এলএলসি (ভেরনার হার্ৎজগ)।