১০ টাকার টিকিটে চোখ দেখালেন প্রধানমন্ত্রী

সাধারণ রোগীদের মতোই সরকারিভাবে নির্ধারিত ১০ টাকার টিকিট কেটে চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চোখ পরীক্ষা করালেন তিনি।

গতকাল শুক্রবার সকালে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যান শেখ হাসিনা। এরপর কাউন্টারে গিয়ে নাম নিবন্ধন করিয়ে ১০ টাকার টিকিট সংগ্রহ করেন তিনি। পরে সেই টিকিট নিয়ে প্রবেশ করেন নির্ধারিত চিকিৎসকের কক্ষে। সেখানেই তার চোখের পরীক্ষা করা হয়। এ সময় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের কর্মকর্তাদের কাছে হাসপাতালের বর্তমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। সেখানে নিয়োজিত চিকিৎসক ও নার্সদেরও ধন্যবাদ জানান তিনি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেন। এর আগেও এভাবে টিকিট কেটে চিকিৎসা নিয়েছেন শেখ হাসিনা। পাঁচ টাকা মূল্যের নির্ধারিত টিকিট কেটে একাধিকবার গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন তিনি।

২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি শেখ হাসিনা প্রথম গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে  হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। সেদিন তিনি বলেছিলেন, অসুস্থ হয়ে পড়লে যেন তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া না হয়। ২০১৭ সালের ৯ সেপ্টেম্বর শেখ হাসিনা কেপিজে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন। সেদিনও সাধারণ রোগীদের মতোই কাউন্টারে নাম নিবন্ধন করেন প্রধানমন্ত্রী।