ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদকে এগিয়ে নেবেন ভিপি নুর

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদকে নতুনভাবে এগিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর। গতকাল শুক্রবার ঢাবি ক্যাম্পাসে এক বৈঠকে তিনি এ ঘোষণা দেন। এ সময় কোটা সংরক্ষণ আন্দোলনে যুক্ত ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

ভিপি নুর নতুনভাবে এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে বলেন, দেশব্যাপী তাদের প্রতি বিশাল অংশের মানুষের আস্থা তৈরি হয়েছে। দুর্নীতি, সন্ত্রাস, দখলদারিসহ অব্যবস্থাপনার বিপক্ষে তাদের সংগঠন কাজ করবে। তিনি আরও বলেন, ‘আমাদের উদ্যোগ আওয়ামী লীগ, বিএনপি বা অন্য দলের বিরোধিতার জন্য নয়; দেশ ও মানুষের স্বার্থে। আমরা দেশের কল্যাণ করতে চাই, সমাজের কল্যাণ করতে চাই। দেশের মালিক আমি-আপনি। আমাদের ভোটে যেন সরকার নির্বাচিত হয়। তাদের পূজা করার প্রয়োজন নেই, তাদের রাজার মতো ভাবার দরকার নেই।’

তবে বৈঠক থেকে সংগঠনের নতুন নাম হবে কি না, সে বিষয়ে কিছু বলা হয়নি। এ ছাড়া মাসে অন্তত একবার বৈঠকের আহ্বান জানানো হয়। পরবর্তী বৈঠকের তারিখও নির্ধারণ করা হয়নি বৈঠকে।