শিবসেনায় যোগ দিলেন কংগ্রেস মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদি

ভারতের লোকসভা নির্বাচনের মধ্যেই ভারতীয় জনতা পার্টি সমর্থিত কট্টরপন্থি শিবসেনায় যোগ দিলেন কংগ্রেস মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদি। দলীয় নেতাদের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ আনার পরদিনই দলের সদস্যপদ থেকে সরে গেলেন তিনি।

নিজের টুইটার প্রোফাইল থেকেও জাতীয় মুখপাত্র কথাটি সরিয়ে দিয়েছেন প্রিয়াঙ্কা। কংগ্রেস ছেড়ে তিনি শিবসেনায় যোগ দেবেন বলে জানিয়েছিলেন দলীয় নেতা সঞ্জয় রাউত। মাসখানেক আগে মথুরা সফরের সময় কয়েকজন দলীয় সদস্য তাকে হেনস্তা করেছিল বলে অভিযোগ ছিল। তাদের ফের দলে জায়গা দেওয়ায় প্রকাশ্যে মুখে খুলেছিলেন কংগ্রেসের বিদায়ী এই মুখপাত্র।

এক টুইট বার্তায় তিনি লিখেছেন, যারা দলের জন্য ঘাম, রক্ত দিচ্ছেন তাদের থেকেও কয়েকজন গুণ্ডাকে বেশি গুরুত্ব দিচ্ছে দল। এটা খুবই দুঃখজনক। রাফায়েল চুক্তি নিয়ে সংবাদ সম্মেলন করতে মথুরা সফরে গিয়ে দলীয় নেতাদের হাতে প্রিয়াঙ্কা হেনস্তার শিকার হয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। তিনি এলাকার টিকিট চাইতে গিয়েছেন বলে ভুল করেছিলেন স্থানীয় নেতারা। প্রাথমিকভাবে অভিযুক্ত নেতাদের সরিয়ে দেওয়া হলেও, ভোটে শক্তি বাড়াতে ফের তাদের নিজ স্থানে ফিরিয়ে নেওয়া হয়েছে। এতে দুঃখপ্রকাশ করে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রিয়াঙ্কা। সূত্র : এনডিটিভি