আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন, আদালতের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই। এর কারণেই দুর্নীতিবাজদের আজ বিচার হচ্ছে। গতকাল শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা পরিষদ চত্বরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন ও সহায়তা কার্যক্রম অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বিচার ব্যবস্থায় সরকারের নগ্ন হস্তক্ষেপের কারণে খালেদা জিয়ার মুক্তি বিলম্বিত হচ্ছে বলে বিএনপির অভিযোগের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘খালেদা জিয়া এতিমের টাকা চুরি করায় নিম্ন আদালত তাকে সাজা দিয়েছেন, পরে উচ্চ আদালতে আপিল করলে আদালত সাজা ৫ থেকে বাড়িয়ে ১০ বছর করে দেন। এখানে সরকারের কোনো হস্তক্ষেপ আমি খুঁজে পাই না। শেখ হাসিনার সরকার গঠনের পর থেকেই দেশে বিচার ব্যবস্থা স্বাধীন, যা বিএনপির আমলে ছিল না।’
অন্যদের মধ্যে জেলা প্রশাসক হায়াত-উদ-দোলা খান, উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা ইসলাম, কসবা-আখাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম, পৌর মেয়র এমরানউদ্দিন জুয়েল, সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুর রহমান, রুহুল আমিন ভূঞা বকুল, কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনির হোসেন এ সময় সেখানে উপস্থিত ছিলেন।