মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে ফেনী স্বেচ্ছাসেবী পরিবার মশাল মিছিল করেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের ট্রাংক রোড শহীদ মিনার থেকে মিছিল শুরু হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দোয়েল চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন সংগঠনের নেতাকর্মীরা।
স্বেচ্ছাসেবী ওসমান গণী রাসেলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন আমরা ক’জন স্বেচ্ছাসেবক ফেনীর উপদেষ্টা আরিফুল আমিন রিজভী, সচেতন যুবসমাজ ফেনীর আহ্বায়ক আরাফাত খান, স্বেচ্ছাসেবী সংগঠন সহায়ের প্রধান সমন্বয়ক মঞ্জিলা মিমি। এ সময় স্লোগানে-স্লোগানে কেঁপে ওঠে ফেনীর রাজপথ। জড়িতদের ফাঁসির দাবিতে মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এদিকে গাইবান্ধা প্রতিনিধি জানান, আলোচিত এ হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন হয়েছে। গতকাল দুপুরে শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য ইসরাত জাহান, বাসদের জেলা সমন্বয়ক গোলাম রব্বানী, সদস্য সুকুমার চন্দ্র মোদক, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ, ছাত্রফ্রন্টের সদস্য বাবলি আক্তার, সাবিহা আক্তার শেফা, আফরোজা আক্তার প্রমুখ।