আইপিএলের গেল আসরে রাজস্থান রয়্যালসকে সেরা চারে নিয়ে গিয়েছিলেন। তবে আজিঙ্কা রাহানের নেতৃত্বেই এবার দলটির অবস্থা নাজুক। আট ম্যাচ খেলে মাত্র দুটিতে জিতেছে দলটি। ব্যর্থতার দায়ে তাই অধিনায়কত্ব থেকে রাহানেকে সরিয়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। নতুন অধিনায়ক করা হয়েছে স্টিভ স্মিথকে।
শনিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে রাজস্থান। সেই ম্যাচের ঘণ্টা কয়েক আগে অধিনায়কত্বে বদল আনল দলটি।
এক বিবৃতিতে রাজস্থান রয়্যালস জানায়, ‘‘রাহানের নেতৃত্বে রাজস্থান গত বছর প্লে–অফে পৌঁছেছিল। চলতি আইপিএলে দল ভালো জায়গায় নেই। তাই স্মিথকে দায়িত্ব দেওয়া হল। রাহানে দলের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান। আশা করব রাহানে–স্মিথ দলকে ভালো জায়গায় পৌঁছে দেবে।’’
বল টেম্পারিং কাণ্ডে এক বছরের জন্য নিষিদ্ধ ছিলেন স্টিভ স্মিথ। যে কারণে গেল আইপিএলেও খেলা হয়নি তার। এর আগের আসরে রাইজিং পুনে সুপার জায়ান্টসের হয়ে খেলেছিলেন স্মিথ। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে এই প্রথম কোনো দলকে নেতৃত্ব দেবেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক।
কেপটাউনে বল টেম্পারিং কাণ্ডে এক বছরের নিষেধাজ্ঞার পাশাপাশি দুই বছরের জন্য অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব থেকেও নিষিদ্ধ হয়েছেন স্মিথ। ডেভিড ওয়ার্নার তো আর কখনোই অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে বিবেচিত হবে না।
স্মিথকে দায়িত্ব দিলেও ফের অধিনায়কত্বে বদল আনতে হবে রাজস্থানকে। কেননা ১ মে পর্যন্ত পাওয়া যাবে স্মিথকে। এরপর অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেবেন তিনি। রাজস্থানের এখনো লিগ পর্বে পাঁচ ম্যাচ বাকি। শেষ লিগ ম্যাচ তাদের ৪ মে।
স্মিথেই আগেই দলের সঙ্গে যোগ দিতে দেশে ফিরবেন বেন স্টোকস, জস বাটলার ও জফরা আর্চার। সব মিলে রাজস্থানের জন্য কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে।