অন্ধ নাবিকের মহাসাগর জয়

জাপানের এক অন্ধ নাবিক কোনো স্থানে না থেমে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির মতে, মিতসুহিরো ইয়ামোতোই প্রথম অন্ধ নাবিক যিনি প্রশান্ত মহাসাগর পাড়ি দিলেন। ৫২ বছর বয়সী এই নাবিককে পাড়ি দিতে হয়েছে ১৪ হাজার কিলোমিটারের দীর্ঘ পথ। আর এই বিশাল পথে তার সঙ্গে ছিলেন একজন নামমাত্র নেভিগেটর।

দুই মাসের সফর শেষে গতকাল শনিবার সকালে জাপানের ফুকুশিমা বন্দরে ভেড়ে ইয়ামোতোর ৪০ ফুট দৈর্ঘ্যরে নৌকাটি। গত ২৪ ফেব্রুয়ারি তিনি ক্যালিফোর্নিয়া থেকে সাগর পাড়ি দেওয়ার যাত্রা শুরু করেছিলেন।

২০১৩ সালে প্রথম তিনি সাগর জয়ের চেষ্টা করেন। কিন্তু সেবার তিমি মাছের সঙ্গে ধাক্কা লেগে তার নৌকাটি ডুবে গেলে সগার জয়ের ইচ্ছা ক্ষান্ত দিতে হয়। সেই দফায় তাকে জাপানের সেনাবাহিনী সাগর থেকে উদ্ধার করেছিল। কিন্তু প্রাণে বেঁচে গেলেও সাগর জয়ের ইচ্ছা ত্যাগ করেননি ইয়ামোতো।

শনিবার বন্দরে দাঁড়িয়ে তিনি সাংবাদিকদের এই দুই মাসের সফরের বিভিন্ন দিক তুলে ধরেন। অনেক চেষ্টার পর অবশেষে তার স্বপ্ন সত্যি হয়েছে জানিয়ে আনন্দ প্রকাশ করেন ইয়ামোতো। তিনি বলেন, ‘আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ।’

মাত্র ১৬ বছর বয়সে চোখের দৃষ্টিশক্তি হারান ইয়ামোতো। এরপর থেকে সময়ের সঙ্গে সঙ্গে তিনি বাতাসের গতি অনুভব করে চলাফেরা করার পদ্ধতি আয়ত্ত করেন। জাপানের অন্ধ নাবিকদের অ্যাসোসিয়েশন থেকে ইয়ামোতোকে অভিনন্দন জানানো হয়েছে। ইয়ামোতো তার ওয়েবসাইটে লেখেন, ‘আমরা এই সফর শুধু আমার ব্যক্তিগত অর্জনের জন্য করিনি।

মানুষ যখন একত্রিত হয়, তখন অনেক কিছু করা সম্ভব এই বার্তা পৌঁছাতেই এই কাজ।’ অন্ধ এই নাবিক সাগর জয়কে কেন্দ্র করে প্রাপ্ত অর্থ চিকিৎসাক্ষেত্রে ব্যয় করবেন, যাতে রোগের কারণে আর কোনো মানুষকে অন্ধ না হতে হয়।