সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বোরকা উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল শনিবার দুপুরে মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তারকৃত যোবায়ের আহমেদকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পিবিআইয়ের তদন্ত দল। ওই সময় বোরকাটি উদ্ধার করা হয়। এর আগে গত শুক্রবার নুসরাতের ছোট ভাই রাশেদুল হাসান রায়হানের ফেইসবুক আইডি হ্যাক হয়েছে। এ ঘটনায় সোনাগাজী মডেল থানায় মামলা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআইয়ের পরিদর্শক শাহ আলম বলেন, নুসরাত হত্যাকাণ্ডে ‘সরাসরি জড়িত’ যোবায়ের আহমেদকে নিয়ে পিবিআইয়ের চট্টগ্রাম বিভাগের বিশেষ পুলিশ সুপার মো. ইকবালের নেতৃত্বে একটি দল সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ঘটনাস্থল পরিদর্শন করে। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে সোনাগাজী সরকারি কলেজের কাছে ডাঙ্গি খাল থেকে বোরকা উদ্ধার করা হয়। এ ছাড়াও
তাকে নিয়ে বেশ কয়েকটি স্থানে অভিযান চালানো হয়।
নুসরাত হত্যা মামলার ৫ নম্বর আসামি যোবায়ের। তিনি সোনাগাজী পৌরসভার তুলাতলি গ্রামের আবুল বাশারের ছেলে। পিবিআইয়ের ভাষ্য, নুসরাত হত্যাকাণ্ডে এখন পর্যন্ত পাঁচজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের সবাই হত্যায় যোবায়ের সরাসরি অংশ নেন বলে জানিয়েছেন।
৬ এপ্রিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার অনুসারীরা গায়ে আগুন ধরিয়ে দেওয়ার পর ১০ এপ্রিল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নুসরাতের। এ ঘটনায় এখন পর্যন্ত ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও পিবিআই।
নুসরাতের সহোদরের আইডি হ্যাকড : ফেইসবুক আইডি হ্যাকের ঘটনায় সোনাগাজী মডেল থানায় সাধারণ ডায়েরিতে নুসরাতের ছোট ভাই উল্লেখ করে, সে রাশেদুল হাসান রায়হান নামে একটি আইডি ২০১৭ সাল থেকে নিয়মিত চালিয়ে আসছে। গত শুক্রবার দুপুর ১২টা ৪০ মিনিটের সময় কে বা কারা আইডিটি হ্যাক করে নানা ধরনের অপপ্রচার চালায়। এর আগে গত বৃহস্পতিবার রাতে রায়হান অগ্নিদগ্ধে নিহত বড় বোনকে নিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দেয়। ‘ঘাতকের আগুনে পুড়ে ছারখার আমাদের সোনালি সংসার’ শিরোনামে লেখা রায়হানের স্ট্যাটাসটি ভাইরাল হয়।