কক্সবাজারের টেকনাফ ও সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। পুলিশ বলছে, তারা দুজনই মাদক কারবারি ছিলেন। প্রতিনিধিদের পাঠানো খবর
কক্সবাজার : টেকনাফে নিহত শাহাব উদ্দিন (৪২) হোয়াইক্যং ইউনিয়নের তারাননিয়ারছড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, গতকাল শনিবার ভোররাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়ায় দুই গ্রুপের মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে অস্ত্রধারীরা পাহাড়ে ঢুকে পড়ে। পুলিশ গুলিবিদ্ধ একজনকে উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ২টি এলজি, ৭ রাউন্ড কার্তুজ, ৯টি খালি খোসা ও
২৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। শাহাব উদ্দিন একাধিক মাদক মামলার আসামি ছিলেন।
সিরাজগঞ্জ : উল্লাপাড়ায় নিহত মোস্তফা কামাল (৩৩) পৌরসভার কাওয়াক গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। তার বিরুদ্ধে উল্লাপাড়া থানায় ১১টি মাদক মামলা আছে বলে জানিয়েছেন ওসি দেওয়ান কওশিক আহম্মেদ। তিনি বলেন, গোপনে পৌরসভার ঘোষগাঁতী গ্রামে মাদক বিক্রির খবর পেয়ে গতকাল ভোররাতে অভিযান চালানো হয়। মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালায়। এতে শীর্ষ মাদক ব্যবসায়ী মোস্তফা কামাল মাটিতে লুটিয়ে পড়লে বাকিরা পালিয়ে যায়। সেখান থেকে মোস্তফার লাশ এবং ২১ বোতল ফেনসিডিল ও ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় আরও চার মাদক কারবারিকে আটক করা হয়। তারা হলেনÑ ঘোষগাঁতী গ্রামের সাধন চন্দ্র সাহার ছেলে সজীব কুমার সাহা ওরফে গণেশ (২৪), সঞ্জয় চন্দ্র সাহা (১৯), মৃত আব্দুস ছালামের ছেলে সনি আহমেদ (৩৫) ও বেলকুচি উপজেলার ক্ষিদ্র গোপরেখী গ্রামের সুলতানের ছেলে সেলিম রেজা (২৪)।