নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বাসায় গ্যাসের সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে দুইজন নিহত ও চারজন দগ্ধ হয়েছেন। সোমবার ভোরে উপজেলার ভুলতা ইউনিয়নের সাঁওঘাট এলাকায় ওয়াসিম মিয়ার তিনতলা বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে এ অগ্নিকাণ্ড ঘটে।
দগ্ধদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
রূপগঞ্জের কাঞ্চন ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আবদুল মান্নান জানান, রোববার রাতে ওই মেস বাসার রান্নাঘরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে গ্যাস ছড়িয়ে থাকে। ভোরে মেসের কেউ একজন রান্নাঘরে চুলা জ্বালাতে গেলে আগুন ছড়িয়ে পড়লে তিনি দগ্ধ হন। এক পর্যায়ে পুরো ফ্ল্যাটে আগুন ছড়িয়ে পড়ে।
এ সময় ফ্ল্যাটের অন্যান্য বাসিন্দারাও দগ্ধ হন। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নেভায় এবং দগ্ধ ছয়জনকে গুরুতর আবস্থায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে যায়। পরে খবর পেয়ে কাঞ্চন ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়।
তিনি আরও জানান, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাদেরকে ভুলতা এলাকায় বেসরকারি হাসপাতাল আল রাফি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
বার্ন ইউনিটের গেইটে কর্তব্যরত ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. রায়হান জানান, দগ্ধ ছয়জনের মধ্যে রাকিব (২৭) ও শামীম (২৮) নামের দুই যুবকের মৃত্যু হয়েছে। তরিকুল (৩০) ও হযরত আলী (৩২) নামের দুইজনের অবস্থা গুরুতর। তাদেরকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া লিয়াকত (৪০) ও আরিফুল (৪২) নামের দুইজনকে বার্ন ইউনিটে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তবে তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।