বিভাগীয় কমিশনারকে বাণিজ্যমন্ত্রীর চিঠি

পণ্যমূল্য স্বাভাবিক রাখতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শি আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ, সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে কঠোর ব্যবস্থা নিতে বিভাগীয় কমিশনারদের চিঠি দিয়েছেন। চিঠিতে দেশের সকল জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন। গত ১৭ এপ্রিল বিভাগীয় কমিশনারদের কাছে বাণিজ্যমন্ত্রীর পক্ষ থেকে এ চিঠি পাঠানো হয়। গতকাল সোমবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিভাগীয় কমিশনারদের চিঠিতে বাণিজ্যমন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয় সারা বছরের মতো রমজান মাসের নিত্যপ্রয়োজনীয় মানসম্পন্ন পণ্য ভোক্তাদের কাছে ন্যায্যমূল্যে পৌঁছে দিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

স্থানীয় পর্যায়ে পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার ও আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।  তাছাড়া জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে রমজান মাসে ভেজালবিরোধী অভিযান জোরদার করা প্রয়োজন।

চিঠিতে বলা হয়, ‘এ অবস্থায়, আপনার অধীনে থাকা জেলা ও উপজেলায় বাজারে পণ্য সরবরাহ ও মজুদ অটুট রাখা, নির্বিঘেœ পণ্য পরিবহন, অবৈধ মজুদ প্রতিরোধ এবং পণ্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে মোবাইল কোর্ট কার্যক্রম জোরদারসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এ জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করার জন্য আপনার আন্তরিক উদ্যোগ ও সহযোগিতা কামনা করছি।’

এদিকে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শি দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক যৌথ কমিশনের প্রথম সভায় যোগ দিতে বেলারুশ গিয়েছেন। গত রবিবার বেলারুশের রাজধানী মিনস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনি। ২৩ ও ২৪ এপ্রিল মিনস্কে এ সভা অনুষ্ঠিত হবে। আগামী ২৫ এপ্রিল তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।