হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৩ টাকা

দুদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৩ টাকা। প্রতি কেজি পেঁয়াজ দুদিন আগে রকমভেদে ৭-১২ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১০-১৩ টাকা। ব্যবসায়ীরা বলছেন, শবেবরাত ও লোকসভা নির্বাচন ঘিরে দুদিন আমদানি বন্ধ থাকায় পেঁয়াজের দাম বেড়েছে।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে বর্তমানে গড়ে দৈনিক ২০-২৫ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে। গত বৃহস্পতিবার ২৩ ট্রাকে আমদানি হয়েছে ৩৪৫ টন। সরেজমিনে হিলি স্থলবন্দরে আমদানিকারকদের মোকাম ঘুরে দেখা গেছে, বন্দর দিয়ে নগর, ইন্দোর ও পাটনায় উৎপাদিত ও সুখসাগর জাতের পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আমদানিকৃত এসব পেঁয়াজ প্রকারভেদে পাইকারিতে (ট্রাকসেল) প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০-১৩ টাকায়, যা দুদিন আগেও ছিল ৭-১২ টাকা।

বাংলাহিলি বাজারে দুদিনের ব্যবধানে প্রতি কেজি আমদানি পেঁয়াজের খুচরা দর ১২-১৫ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ১৫-২০ টাকায়। দেশি পেঁয়াজের দাম ৩ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২৫-২৮ টাকায়।

আমদানিকারক মোজাম হোসেন বলেন, ‘শবেবরাত ও ভারতের লোকসভা নির্বাচনের কারণে আমদানি-রপ্তানি কমে যায়। দেশে চাহিদার তুলনায় আমদানি পেঁয়াজের সরবরাহ খানিকটা কমার কারণেই দাম কেজিতে ২-৩ টাকা বেড়েছে।