সৌদিতে আইএসের বোমা হামলা

সৌদি আরবের রাজধানী রিয়াদে গত রবিবার একটি পুলিশ ফাঁড়িতে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের সদস্যরা হামলা চালায়। হামলায় হামলাকারী চারজন নিহত হয় এবং তারা সকলেই সৌদি নাগরিক বলে জানিয়েছে আলজাজিরা। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার সত্যতা স্বীকার করে জানায়, নিরাপত্তারক্ষীরা সফলভাবেই হামলা প্রতিহত করতে পেরেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যাওয়া ভিডিওতে দেখা যায়, নিহতদের হাতে মেশিনগান ও বোমা ছিল।

সন্দেহভাজন হামলাকারীরা একটি গাড়িযোগে রিয়াদ থেকে ২৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত সাধারণ তদন্ত পরিদপ্তরের প্রধান ফটকে হামলার চেষ্টা করেছে। কিন্তু নিরাপত্তা বাহিনী প্রতিহত করলে তারা ভেতরে ঢুকতে পারেননি। সাধারণ তদন্ত পরিদপ্তরকে মাবাহিত নামেও ডাকা হয়। মূলত অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টি তারা দেখে থাকে। তাদের রাষ্ট্রীয় গোপন পুলিশ বাহিনী হিসেবেও বিবেচনা করা হয়ে থাকে।

এর আগে চলতি মাসের শুরুতে একটি হামলার চেষ্টা করা হলে দুই সন্ত্রাসীকে হত্যা করার কথা জানিয়েছে সৌদি আরব। এ ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ২০০০ সালের শুরুর দিকে সৌদি আরবে বিদ্রোহীদের হামলার পর দেশটিতে সন্ত্রাসবিরোধী অভিযান বেড়ে গেছে। গত কয়েক বছরে বড় কোনো হামলার কথা শোনা যায়নি।