সর্বোচ্চ শাস্তি চাইলেন লঙ্কান মুসলিম নেতারা

শ্রীলঙ্কায় গত রবিবারের সিরিজ বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছেন দেশটির শীর্ষ মুসলিম নেতারা। একই সঙ্গে তারা আত্মঘাতী বোমা হামলায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিও জানান বলে জানিয়েছে বিবিসি।

রবিবারের হামলায় এ পর্যন্ত ২৯০ জন নিহত ও পাঁচ শতাধিক আহত হয়েছে। পুলিশ ২৪ জনকে আটক করলেও তাদের সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

মুসলিম তাত্ত্বিকদের কাউন্সিল যা অল সেইলন জামিয়াতুল উলামা বলছে, ‘সব ধর্মীয় সাইটগুলোতে নিরাপত্তা নিশ্চিত এবং ভয়াবহ ঘটনার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য আমরা সরকারকে অনুরোধ করছি।’

হামলার ঘটনার পরেই রবিবার রাতে দেশটির উত্তরাঞ্চলীয় জেলার একটি মসজিদে পেট্রলবোমা হামলা ছাড়াও মুসলিম ব্যক্তি মালিকানাধীন দুটি ব্যবসাপ্রতিষ্ঠানেও হামলা চালানো হয়। অবশ্য এই হামলায় কেউ হতাহত হয়নি।

এদিকে রবিবারের হামলার সঙ্গে জড়িত আন্তর্জাতিক নেটওয়ার্ককে খুঁজে বের করতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা আন্তর্জাতিক সহায়তা চাওয়ার পরপরই দেশটির মন্ত্রিপরিষদের মুখপাত্র রাজিথা সেনারত্নে ওই হামলার জন্য ইসলামপন্থি ন্যাশনাল তাওহীদ জামাতের (এনটিজে) নাম প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এ হত্যাকাণ্ডের পেছনে এনটিজে আছে বলে মনে করা হচ্ছে।

দেশটির কেবিনেট মুখপাত্র রাজিথে সেনারত্নে বলেছেন, ‘শুধু এ দেশেরই কোনো গোষ্ঠী এ হামলা চালিয়েছে তা আমরা বিশ্বাস করি না। আন্তর্জাতিক নেটওয়ার্কের সহায়তা ছাড়া এ ধরনের হামলা সফল হতে পারে না।’