বিএনপি নেতা ব্যারিস্টার আমিনুল হক মারা গেছেন

সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আমিনুল হক মারা গেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। গত রবিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। একই দিন বিকেল ৫টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার জানাজা হয়। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। আজ মঙ্গলবার তাকে রাজশাহীতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আমিনুল হক রাজশাহী-১ আসনে গত জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেন। প্রথমে তার মনোনয়নপত্র বাতিল হয়েছিল। নির্বাচন কমিশনে আপিলের পর তিনি মনোনয়ন ফিরে পান। ব্যারিস্টার আমিনুল হক রাজশাহী-১ আসন থেকে বিএনপির মনোনয়নে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ বিএনপি সরকারের ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ছিলেন তিনি। একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর কাছে পরাজিত হন তিনি।