কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. মালেক (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার গোলাবাড়ী সীমান্তের জালুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহত মো. মালেক মাদক ব্যবসায়ী। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপাড়া গ্রামের মো. খালেকের ছেলে। ঘটনাস্থল থেকে ২৯ হাজার ৮৬০ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ছালাম মিয়া জানান, ভোর সাড়ে ৪টার দিকে গোলাবাড়ী সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যান বিজিবি সদস্যরা। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে।
আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও গুলি করে। পরে অন্যরা পিছু হটলে ঘটনাস্থলে মালেকের গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া যায়।
পরে মালেকের মৃতদেহ উদ্ধার করে বিজিবি পুলিশের কাছে হস্তান্তর করেছে।