রাজবাড়ি শহর রক্ষা বাধের ভাঙন কবলিত এলাকার সংস্কার কাজ পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি ।
মঙ্গলবার সকালে স্পিড বোটে পাটুরিয়া ঘাট থেকে পদ্মা নদীর ডান তীরের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে রাজবাড়ি সদর উপজেলার উড়াকান্দা এসে পৌঁছান। সেখানে রাজবাড়ি শহর রক্ষা বাধের চলমান সংস্কার কাজ ঘুরে দেখেন।
এ সময় মন্ত্রী সাংবাদিকদের বলেন, রাজবাড়ি শহর রক্ষা বাধের কাজ ধীর গতিতে হচ্ছে। এটা শুনে দেখতে এলাম। কাজের গতি একটু কম আছে। সামনে বর্ষা আসছে। আগে এখানে প্রতিদিন তিন থেকে সাড়ে তিন হাজার ব্লক তৈরি হত। এখন সেটি পাঁচ হাজারের বেশি ব্লক তৈরি হবে। আশা করি বর্ষার আগেই নদী শাসনের কাজ অনেকটা শেষ হবে। আর বর্ষা মৌসুমে যাতে নদী আর না ভাঙে তার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় প্রতিমন্ত্রীর সাথে স্থানীয় সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী কালুখালী উপজেলার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন।