প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা হাই স্কুল। মঙ্গলবার জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালে বগুড়ার পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজকে ৩ উইকেটে হারায় দলটি।
এদিন রংপুর ক্রিকেট গার্ডেনে অনুষ্ঠিত শিরোপা নিষ্পত্তির শেষ ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে মাত্র ১১১ রানে গুটিয়ে যায় বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ। ১৬.৫ ওভার আর ৩ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে কুমিল্লা হাই স্কুল।
টস জিতে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের গেল আসরের চ্যাম্পিয়ন বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন মাহফুজ। রিফাত ১৬ ও আরাফাতের ১২ ছাড়া আর কেউ বলার মতো স্কোর পায়নি। ২টি করে উইকেট নেন সাব্বির আলম আর আতিকুর রহমান।
ছোট সংগ্রহ তাড়া করতে নেমে শুরুতেই সাকিবকে হারায় কুমিল্লা হাই স্কুল। কিন্তু, ওয়ান ডাউনে নামা আবু বকরের ৩৮ বলে ৪৯ রানের ইনিংসে জয়ের ভিত পায় তারা। ৬ টি চারের পাশাপাশি ৬ ছক্কা হাঁকান আবু বকর।
এরপর মাহফুজ ও আরাফাত তড়িঘড়ি ৫ উইকেট তুলে নিলে বিপাকে পড়ে চট্টগ্রামের প্রতিনিধিরা। কিন্তু, আতিকুরের হার না মানা ১৬ রানের ইনিংসে প্রথম অংশগ্রহণেই শিরোপা জিতে নেয় কুমিল্লা হাই স্কুল। মাহফুজ ৩ আর আরাফাত নেন ২ উইকেট। ম্যাচ সেরা হয়েছেন আবু বকর।
২৫৩ রানের পাশাপাশি ২৬ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরার পুরস্কার পান কুমিল্লা হাই স্কুলের সাব্বির আলম। আসরের সবচেয়ে বেশি উইকেটও সাব্বিরের।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যবস্থাপনা ও প্রাইম ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবারকার আসরে অংশ নেয় সারা দেশের ৫৫৮ স্কুলের ১১ হাজার ১২০ খুদে ক্রিকেটার। দেশের বিভিন্ন ভেন্যুতে এবার অনুষ্ঠিত হয়েছে ৯৫৮ ম্যাচ। আর জাতীয় চ্যাম্পিয়নশিপে হয় ৭ ম্যাচ। ক্রিকেটারদের অংশগ্রহণ ও ম্যাচের সংখ্যার বিচারে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট আসর।