মানিকগঞ্জের শিবালয়ে নিরাপদ সড়ক ও সম্প্রতি কাভার্ড ভ্যান চাপায় নিহত আজাদের হত্যাকারীর বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা-পাটুরিয়া মহাসড়কের চার রাস্তার আরসিএল মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। আজাদ হত্যার বিচার ও নিরাপদ সড়কের দাবিতে পাটুরিয়া ঘাট শ্রমিক ইউনিয়ন বিক্ষোভ করে।
গত রবিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের পাটুরিয়া ঘাটের আরসিএল মোড়ে এমআর পরিবহনের ঘাট সুপারভাইজার আজাদ তালুকদারকে আফজাল পার্সেল কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ কাভার্ড ভ্যানটি আটক করলেও চালককে গ্রেপ্তার করতে পারেনি।