সিদ্ধিরগঞ্জের কোটি টাকার চাঁদাবাজি মামলায় যুবলীগ নেতা নজরুল ইসলাম ওরফে বুইট্টা নজরুলকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অপকর্মের একাধিক অভিযোগ রয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ডিবির একটি দল তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার নজরুল ইসলাম সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি।
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক গিয়াসউদ্দিন জানান, মডার্ন গ্রুপ অব কোম্পানির ল্যান্ড এক্সিকিউটিভ আজমত আলী গত সোমবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, শিমরাইল এলাকায় ওই প্রতিষ্ঠানের কেনা জমিতে নির্মাণকাজ করতে গেলে তাদের কাছ থেকে নজরুল, তার ছোট ভাই জহির ও তাদের সহযোগী খালেক ওরফে জামাই খালেক এক কোটি টাকা চাঁদা দাবি করে। এর পরিপ্রেক্ষিতে মামলায় আসামি করা হয় নজরুল, তার ভাই জহিরুল ইসলাম, সহযোগী আবদুল খালেক ওরফে জামাই খালেককে।