ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ হয়ে গেল গতকাল মঙ্গলবার। সকালে শুরু হওয়া এই ধাপে মোট ১১৭টি আসনে ভোট অনুষ্ঠিত হয়। গতকালের ভোটে দুই আসন থেকে
লড়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, তৃতীয় দফায় মোট ১১৬টি আসনে ভোট হওয়ার কথা থাকলেও দ্বিতীয় দফায় পূর্ব ত্রিপুরা আসনের ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। ফলে ওই আসনটিতেও ভোটগ্রহণ হয়।
গতকাল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ভগবানগোলা ভোটকেন্দ্রে তৃণমূল সমর্থকদের সঙ্গে সংঘর্ষে নিহত হয় এক কংগ্রেস সমর্থক। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, টিয়ারুল নামে কংগ্রেসের এক সমর্থক ভোট দিয়ে ফেরার সময় তাকে গালিগালাজ করে তৃণমূলের কিছু কর্মী। উভয়পক্ষের বাগ্বিত-ার এক পর্যায়ে তৃণমূলের লালু নামের এক কর্মী টিয়ারুলের পেটে ছুরিকাঘাত করে। সংঘর্ষে শেখ মাহবুব নামে এক কংগ্রেস কর্মী এবং তাহিজুল শেখ নামে এক তৃণমূল কর্মী আহত হয়।
স্থানীয় পুলিশ সূত্র জানায়, ভগবানগোলার বালিগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের ১৮৮ নম্বর বুথে দুপুর একটা নাগাদ কংগ্রেস এবং তৃণমূল কর্মীদের মধ্যে গ-গোল বাধে। যদিও ভোটগ্রহণ শেষে রাজ্যের নির্বাচন কমিশনের প্রধান আরিজ আফতাব দাবি করেছেন, পশ্চিমবঙ্গে তৃতীয় ধাপের ভোট শান্তিপূর্ণ হয়েছে।
তবে পশ্চিমবঙ্গের বাইরে ভোটের উত্তেজনা ছিল গুজরাট এবং কেরালায়। গুজরাটের গান্ধীনগর থেকে দলের প্রবীণ নেতা লালকৃষ্ণ আদভানিকে সরিয়ে প্রথমবার সেই আসন থেকে বিজেপির হয়ে লড়ছেন অমিত শাহ। আদভানির চেয়েও বেশি ব্যবধানে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। গত ভোটে আদভানি সাড়ে তিন লাখের ব্যবধানে জয়ী হয়েছিলেন ওই আসন থেকে।
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী উত্তর প্রদেশের আমেথি আসন ছাড়াও কেরালার ওয়েনাড আসন থেকে লড়ছেন। কেরালায় কংগ্রেসের মধ্যে রাহুল উত্তেজনা তৈরি করে প্রদেশটিতে সুবিধা করার চেষ্টার অংশ হিসেবেই এখান থেকে লড়াই করার সিদ্ধান্ত নেন। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী উত্তর প্রদেশের আমেথি আসন ছাড়াও কেরালার ওয়েনাড আসন থেকে লড়ছেন। কেরালায় কংগ্রেসের মধ্যে রাহুল উত্তেজনা তৈরি করে প্রদেশটিতে সুবিধা করার চেষ্টার অংশ হিসেবেই তিনি এখান থেকে লড়াই করার সিদ্ধান্ত নেন।
জম্মু ও কাশ্মীরের ছয়টি সংসদীয় আসনের একটিতে ভোট হয় গতকাল। আসামের চারটি এবং বিহার ও পশ্চিমবঙ্গে পাঁচটি করে আসনে ভোট হয়। সবচেয়ে বেশি লোকসভা আসন থাকা উত্তর প্রদেশের দশটি আসনের মানুষও গতকাল ভোট দেয়। কর্নাটক ও মহারাষ্ট্র উভয় প্রদেশের ১৪টি করে আসনে, উড়িষ্যার ছয়টি, গোয়াতে দুইটি এবং ছত্তিশগড়ের সাতটি আসনে ভোটগ্রহণ হয়। কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউতে একটি করে আসনে ভোট হয়।
উত্তর-পূর্ব ভারতে কালই লোকসভা ভোট শেষ। ভারতে আরও চার দফার ভোট বাকি থাকছে। গণনা আগামী ২৩ মে।