স্বাধীন পরিবহনের বাস ধাক্কায় নিহত ২

রাজধানীর মৎস্য ভবন মোড়ে স্বাধীন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রিকশা, স্টাফ বাস ও প্রাইভেটকারে ধাক্কা দিলে দুজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকের এ দুর্ঘটনায় শিশুসহ আরও তিনজন আহত হয়। নিহতদের একজন রিকশাচালক সুমন (২৫)। তিনি টাঙ্গাইলের মধুপুরে উপজেলার বড়গুন্ডাপুর গ্রামের মৃত রহিমের ছেলে। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ বাসচালক নজরুল ইসলামকে (৪৩) আটক করেছে। এদিন সকালে নাটোরের বড়াইগ্রামে দ্রুতগামী বাসচাপায় বৃদ্ধ ও গাইবান্ধা সদর উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় এক যুবক মারা যান। বিস্তারিত নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার মো. মাসুদুর

 রহমান জানান, স্বাধীন পরিবহনের ওই বাসের চালক নজরুলকে আটক করা হয়েছে। দুর্ঘটনায় দুটি বাস, তিনটি প্রাইভেটকার ও একটি রিকশা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ওই দুজনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় স্বাধীন বাসের চালকের সহকারী নুর আলম (৩০), শরীফ (২০) ও আরাফ (১২) আহত হয়েছে।

আহতদের হাসপাতালে নিয়ে আসা মনিরুজ্জামান জানান, তিনি স্বাধীন পরিবহনের ওই বাসে ছিলেন। বাসটি মৎস্য ভবন মোড় অতিক্রমের সময় এর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে একটি রিকশা, পরমাণু শক্তি ইনস্টিটিউটের একটি স্টাফ বাস ও একটি প্রাইভেটকারে ধাক্কা দেয়। পরে তিনি বাসের পেছনের জানালা দিয়ে বের হয়ে দেখেন বাসের নিচে ও বাসের পাশে একজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

নাটোরের ঘটনায় বনপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট সারোয়ার জানান, বড়াইগ্রামে দ্রুতগামী বাস একটি অটোভ্যানকে চাপা দিলে ভ্যানযাত্রী শ্রীপদ সরকার (৬০) নিহত হন। এ সময় ভ্যানের চালকসহ আরও তিনজন আহত হন। গতকাল নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া জাহেদা হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রীপদ উপজেলার হারোয়া গ্রামের বাসিন্দা।

এদিকে গত সোমবার দুপুরে বাইসাইকেল চালিয়ে যাওয়ার পথে পূর্বকোমরনই বাঁধের মাথা এলাকায় ব্যাটারিচালিত একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে মকসুদ মিয়া (২৫) নামে এক যুবক আহত হন। গুরুতর অবস্থায় প্রথমে তাকে জেলা সদর হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মকসুদ পূর্বকোমরনই মিয়াপাড়া গ্রামের জহুরুল হকের ছেলে।