রাজশাহীতে ইসি সচিব

মানুষের প্রত্যাশা পূরণ হওয়ায় ভোটে আগ্রহ কমেছে

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হেলালুদ্দীন আহমদ বলেছেন, পৃথিবীজুড়ে মানুষের ভোট দেওয়ার প্রবণতা ক্রমেই কমে আসছে। এর অন্যতম কারণ হলোÑ সরকারের কাছে মানুষের প্রত্যাশা পূরণ হলে স্বাভাবিকভাবে ভোট দেওয়ার আগ্রহ কমে যায়। প্রত্যাশা বেশি থাকলে সরকার পরিবর্তনে মানুষের

 ভোটকেন্দ্রে যাওয়ার আগ্রহ বাড়ে। গতকাল মঙ্গলবার সকালে রাজশাহী সরকারি কলেজে ভোটার তালিকা হালনাগাদকরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হেলালুদ্দীন বলেন, ‘নির্বাচন না হলে গণতন্ত্র মজবুত রাখা যাবে না, অব্যাহত রাখা যাবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন জরুরি। আমাদের কাজ হচ্ছে একটি নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন করা। আপনারাও ভোটার হোন। ভোটার হলেই যে ভোট দিতে হবে, এমন নয়। পছন্দ না হলে ভোট দেবেন না। কিন্তু ভোটার আইডি কার্ড আপনার সব কাজে লাগবে। এটাই জাতীয় পরিচয়পত্র হিসেবে বিবেচিত হবে।’

রাজশাহী বিভাগীয় কমিশনার মো. নূর উর রহমান ও জেলা প্রশাসক এস এম আবদুল কাদের অনুষ্ঠানে বক্তব্য দেন।

রাজশাহী আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের কর্মকর্তারা জানান, প্রথম ধাপে রাজশাহী সিটি করপোরেশন এলাকায় তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে; চলবে ১৩ মে পর্যন্ত। এরপর আটটি উপজেলায় তথ্য সংগ্রহের কাজ শুরু হবে। তথ্য সংগ্রহের কাজে সহযোগিতায় ১৯৩ জন সুপারভাইজার হিসেবে কাজ করছেন।