লিটল মাস্টারের জন্মদিন আজ

ক্রিকেটের বরপুত্র শচীন টেন্ডুলকারের জন্মদিন আজ। ৪৬ বছরে পা দিলেন টিম ইন্ডিয়ার সাবেক তারকা ব্যাটসম্যান ও অধিনায়ক। জন্মদিনে ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন ১৯৭৩ সালের ২৪ এপ্রিল ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করা ক্রিকেটের এই মহাতারকা।

স্কুল পর্যায়ের ক্রিকেটে ব্যাটিংয়ে নজর কাড়েন শচীন। আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখতেও খুব সময় লাগেনি তার। মাত্র ১৬ বছর বয়সে ১৯৮৯ সালের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় শচীনের। আর পেছনে তাকাতে হয়নি।

রচনা করেন কাব্যময় এক ক্যারিয়ার। ক্রিকেটে ব্যাটিংয়ের অধিকাংশ রেকর্ড নিজের করে নেন টপ-অর্ডার এই ব্যাটার। দারুণ ব্যাটিং কৌশলে হয়ে ওঠেন ‘লিটল মাস্টার’। ২০১২ সালে ব্যাট-প্যাড তুলে রাখার ঘোষণা দেওয়ার আগে শচীন নিজেকে নিয়ে যান অনন্য এক উচ্চতায়!

আন্তর্জাতিক টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে অধিকাংশ রেকর্ডই শচীনের দখলে। অবসর নেওয়ার আগ খেলেন রেকর্ড ২০০ টেস্ট। ৫৩.৭৮ গড়ে করেন রেকর্ড ১৫ হাজার ৯২১ রান। এতে রয়েছে ৫১টি সেঞ্চুরি ও ৬৮ হাফ সেঞ্চুরি। উইকেট নিয়েছেন ৪৬টি।

ওয়ানডে ম্যাচ খেলেছেন রেকর্ড ৪৬৩টি। ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ডটিও শচীনের দখলে; ৪৪.৮৩ গড়ে করেন ১৮ হাজার ৪২৬ রান। তাতে রয়েছে ৪৯টি শতক ও ৯৬টি শর্ধশতক। ওয়ানডেতে প্রথম ডাবল সেঞ্চুরি (২০০*) এসেছে শচীনের ব্যাট থেকেই। ওয়ানডেতে তার উইকেট ১৫৬টি।

আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট ও ওয়ানডে মিলিয়ে সেঞ্চুরির সেঞ্চুরি করা একমাত্র ক্রিকেটার হলেন শচীন। ২০১২ সালের এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে একশ সেঞ্চুরির বিরল কীর্তি গড়েন শচীন।

ক্যারিয়ারে মোট ছয়টি বিশ্বকাপ খেলেছেন শচীন। তার সর্বশেষ বিশ্বকাপ অর্থাৎ ২০১১ সালে দেশের মাটিতে বিশ্বকাপ জিতে ক্যারিয়ারের প্রাপ্তির খাতাটা ষোল কলায় পূর্ণ করেন এই ব্যাটিং কিংবদন্তি। এরপর ২০১২ সালে ওয়ানডে ও ২০১৩ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান শচীন।