বগুড়ার পরিবহন ব্যবসায়ী, বিএনপি নেতা ও আইনজীবী মাহবুব আলম শাহীন হত্যাকাণ্ডের প্রধান আসামি অন্য পরিবহন ব্যবসায়ী ও পৌর কাউন্সিলর আমিনুল ইসলামকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে পুলিশ।
বগুড়া জেলা পুলিশের একটি দল ঢাকার মতিঝিল এলাকা থেকে গত মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে। গতকাল বুধবার সকালে তাকে আদালতে হাজির করে আবেদন জানালে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।
গত ১৪ এপ্রিল রাতে বগুড়া সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলম শাহীনকে বগুড়ার নিশিন্দারা উপশহর এলাকায় কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের পর থেকেই নিহতের পরিবার দাবি করে আসছিল, বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের দ্বন্দ্বের কারণে তাকে হত্যা করা হয়েছে। এ অভিযোগে নিহতের স্ত্রী আকতার জাহান শিল্পী বাদী হয়ে মালিক সমিতির বিবদমান গ্রুপের একাংশের নেতা ও বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলামসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।