সিরিজ বোমা হামলা সংক্রান্ত গোয়েন্দা রিপোর্ট সংশ্লিষ্ট মহলকে দিতে ব্যর্থতার কারণে শ্রীলঙ্কার প্রতিরক্ষা সচিব ও ইন্সপেক্টর জেনারেল অব পুলিশকে বরখাস্ত করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা গতকাল বুধবার ওই দুই কর্মকর্তাকে নিজেদের দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার আদেশ দিলে তারা পদত্যাগ করেন বলে জানিয়েছে আলজাজিরা।
প্রতিরক্ষা সচিব হেমাসিরি ফার্নান্দো এবং পুলিশ প্রধান পুজিথ জয়াসুন্দারার জায়গায় কাদের স্থলাভিষিক্ত করা হবে তা এখনো প্রকাশ করেনি শ্রীলঙ্কা সরকার।
ইস্টার সানডের সকালে কলম্বোতে ভয়াবহ সিরিজ বোমা হামলায় অন্তত ৩৫৯ জনের প্রাণহানি ও আরও ৫০০ জন আহত হয়। এই হামলার তিনদিন পর গত মঙ্গলবার মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এক বিবৃতিতে দায় স্বীকার করে।
হামলার দুই সপ্তাহ আগে দেশটির গোয়েন্দা বাহিনীর কর্মকর্তারা সম্ভাব্য হামলার ব্যাপারে সতর্ক করে প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি পাঠায়। কিন্তু সেই চিঠি প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের নজরেই আনেননি দেশটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
এই ঘটনায় দেশটির একজন সংসদ সদস্য হামলার সম্ভাব্য গোয়েন্দা প্রতিবেদন পাওয়ার পরও উপযুক্ত ব্যবস্থা না নেওয়ায় পুলিশের আইজিপি জয়সুন্দরা ও প্রতিরক্ষা সচিব ফার্নান্দোকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে প্রেসিডেন্টের কাছে চিঠি লেখেন।
লঙ্কান এমপি বিজয়দেশা রাজাপাকসে চিঠিতে বলেন, গোয়েন্দা কর্মকর্তাদের কাছে থেকে ভয়াবহ নিরাপত্তা হুমকির তথ্য পাওয়ার পরও পুলিশের প্রধান ও ডিফেন্স সেক্রেটারি গুরুত্ব দেননি। তারা উভয়ই প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে সম্ভাব্য ওই হামলার ব্যাপারে অবগত করেননি। এমনকি এ ধরনের হুমকি মোকাবিলায় যথাযথ ব্যবস্থা কিংবা আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশও দেননি পুলিশ প্রধান। দায়িত্বে অবহেলার অভিযোগে এই দুই কর্মকর্তাকে গ্রেপ্তারের দাবি জানান তিনি।
সিরিজ বিস্ফোরণের মাত্র দুই ঘণ্টা আগে এ হামলার ব্যাপারে দেশটিকে সতর্ক করেছিল ভারতের গোয়েন্দা সংস্থা। এর আগে গত ৪ এপ্রিল ও ২০ এপ্রিল রাতেও দুই দফায় লঙ্কান গোয়েন্দাদের এ বিষয়ে সতর্ক করে দিল্লি। ভারত ও শ্রীলঙ্কার সরকারি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।