চট্টগ্রামে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে বাস চালককে পিটিয়ে হত্যার অভিযোগে রংপুর বিভাগের চার জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট আহ্বান করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
বৃহস্পতিবার সকাল থেকে রংপুর বিভাগের চার জেলায় অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘটের আহ্বান করা হয়। একই সাথে বিভাগীয় নগরী রংপুরে বিক্ষোভ মিছিল ও প্রশাসন বরাবর স্মারকলিপি দেয়ার কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, সোমবার রাত সাড়ে ১১রটার দিকে পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় ডিবি পরিচয়ে চলন্ত বাস থেকে নামিয়ে জালাল উদ্দিন নামে এক বাস চালককে পিটিয়ে হত্যা করা হয়। এর প্রতিবাদে বুধবার রাত দশটার দিকে পরিবহন ধর্মঘট কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক এম এ মজিদ।
তিনি বলেন, ‘আমাদের এক সহকর্মীকে ডিবি পুলিশ পরিচয়ে বাস থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করেছে। বিভাগীয় নেতাদের সিদ্ধান্তে বৃহস্পতিবার রংপুর বিভাগের দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও নীলফামারী জেলাতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। এছাড়া আমরা রংপুরে মহানগর বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি দেওয়া হয়েছে। প্রয়োজনে কেন্দ্রীয় নেতাদের সাথে কথা বলে রংপুর বিভাগের আট জেলাতেই ধর্মঘট দেয়া হবে।’