মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা থেকে ৮ কিলোমিটার দূরে ঘোড়ামারা গ্রাম। ভানুগাছ রেলস্টেশন থেকে আদমপুর সড়কে সিএনজিতে পথ চলতে চলতে হঠাৎ চোখে পড়বে ছোট্ট সাইনবোর্ড ‘মণিপুরি থিয়েটার সরণী’। এই পথ দিয়ে ধানখেতের আইল ধরে মিনিট পাঁচেক হেঁটে গেলেই দেখা মিলবে টিনের চাল, বাঁশের বেড়া এবং মাটির মঞ্চের অদ্ভুত সুন্দর একটি মিলনায়তন। এই মিলনায়তনটিই মণিপুরি থিয়েটারের নিজস্ব স্টুডিও ‘নটমণ্ডপ’। এটিই বাংলাদেশের কোনো গ্রামে প্রতিষ্ঠিত একমাত্র স্টুডিও থিয়েটার।
২০১২ সালে প্রয়াত লালমোহন সিংহের বসতভিটার একাংশে এই স্টুডিও থিয়েটারটি তৈরি করেছেন তার ছেলে শুভাশিস সিনহা। সেখানেই চলে মণিপুরি থিয়েটারের মহড়া, নাটকের মঞ্চায়ন এবং বছরজুড়ে নানামুখী নাট্য কর্মযজ্ঞ।
সম্প্রতি ভারতীয় হাই কমিশনের আর্থিক সহায়তায় টিনের চালের সেই ছোট্ট নটমণ্ডপটির নতুন ভবন তৈরি হয়েছে। শুক্রবার ঘোড়ামারা গ্রামে নটমণ্ডপের নতুন ভবন উদ্বোধন হবে।
মণিপুরি থিয়েটারের সভাপতি শুভাশিস সিনহা দেশ রূপান্তরকে বলেন, ‘আরেকটু বড় পরিসরে নটমণ্ডপের নতুন ভবন তৈরি হয়েছে। আরও বেশি সংখ্যক দর্শক সেখানে বসে অনুষ্ঠান দেখতে পারবেন। শুক্রবার বিকেল ৪টায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি, নাট্যব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর, নৃত্যশিল্পী তামান্না রহমানসহ অনেকে। উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে নাটক ও মণিপুরি সাংস্কৃতিক পরিবেশনা। একই আয়োজনে মণিপুরি বর্ষবরণ অনুষ্ঠান ‘বিষু উৎসব’ও অনুষ্ঠিত হবে।’