আ. লীগ নেতার বিরুদ্ধে দলের আরেক নেতাকে হত্যা পরিকল্পনার অভিযোগ

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সাদাকাত উল্লাহ মিয়াজীকে হত্যার চক্রান্তের অভিযোগে ইউনিয়নটির সাবেক চেয়ারম্যান মহসিন জাহাঙ্গীরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।

এদের মধ্যে সাদাকাত উল্লাহ উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং মহসিন জাহাঙ্গীর সহ-সভাপতি। মঙ্গলবার সীতাকুন্ড থানার এসআই নাসির উদ্দিন ভূইয়া তিনজনকে অভিযুক্ত করে এ অভিযোগপত্র জমা দেন।

সীতাকুন্ড থানার ওসি দেলওয়ার হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘গত ৭ ফেব্রুয়ারি বাড়বকুন্ডের এসকেএম জুট মিলের পাশ থেকে ৮টি কার্তুজসহ ইমাম হোসেন ইমন ও আবদুল আজিজ সুমন নামে দুই যুবককে আটক করা হয়। তারা রিমান্ডে জিজ্ঞাসাবাদে এবং আদালতে দেওয়া জবানবন্দিতে জানায়, সাদাকাত উল্লাহকে হত্যার উদ্দেশ্যে পাঁচ লাখ টাকায় তাদের ভাড়া করেন সাবেক চেয়ারম্যান মহসিন জাহাঙ্গির। পরে পুলিশ তদন্ত করে আদালতে চূড়ান্ত অভিযোগপত্র জমা দেয়।’

তবে এই অভিযোগপত্রকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন মহসিন জাহাঙ্গীরের ছোট ভাই মো. মোরশেদ। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘আগেও বিভিন্নভাবে আমার ভাইকে ফাঁসানোর চেষ্টা করেছে একটি প্রভাবশালী মহল। তারা বারবার প্রশাসনকে ব্যবহার করে হয়রানির চেষ্টা করেছে। এরই ধারাবাহিকতায় এই মামলায় ফাঁসানো হয়েছে।’

তার ভাই মহসিন জাহাঙ্গীর দেশের বাইরে আছেন জানিয়ে মোরশেদ আরও বলেন, ‘তিনি দেশে ফিরলে এ বিষয়টি আইনিভাবে মোকাবেলা করা হবে।’