‘শনিবার বিকেল’-এর মস্কো জয়

গতকাল ছিল মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী দিন। প্রচলিত রীতি অনুযায়ী প্রতিবার উৎসবের শেষ দিনের সকালবেলা ঘোষণা করা হয় বিভিন্ন ক্রিটিক সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত ইনডিপেনডেন্ট জুরিদের অ্যাওয়ার্ড এবং সন্ধ্যায় ঘোষণা করা হবে অফিশিয়াল জুরিদের অ্যাওয়ার্ড। এ বছর ইনডিপেনডেন্ট জুরি অ্যাওয়ার্ড ঘোষণার আসর বসে মস্কোর নভি আরবাত স্ট্রিট-এ অবস্থিত অক্টোবর সিনেমা হলে।

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে লড়ছে জাজ মাল্টিমিডিয়া এবং ছবিয়াল এন্টারটেইনমেন্ট প্রযোজিত ও মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘শনিবার বিকেল’ সিনেমাটি। এটি ইনডিপেনডেন্ট জুরিদের অ্যাওয়ার্ডে দুটি বিভাগে পুরস্কৃত হয়েছে। ফারুকী তার ফেইসবুক স্ট্যাটাসে জানান, ‘শনিবার বিকেল’ রাশিয়ান ফেডারেশন ফিল্ম ক্রিটিকস জুরি পুরস্কার এবং কমারসান্ট পুরস্কার জিতে নিয়েছে। এটা আমাদের ‘শনিবার বিকেল’ টিমের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ।

১৮ এপ্রিল মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়। চলে ২৫ তারিখ পর্যন্ত। এবারের উৎসবে জুরি প্রধান হয়েছেন কোরিয়ান মাস্টার ফিল্মমেকার কিম কি দুক। ‘শনিবার বিকেল’-এর উদ্বোধনী প্রদর্শনী হয় গত ২৪ এপ্রিল অক্টোবর সিনেমা হলেই। শো দেখতে বিদেশি দর্শকের পাশাপাশি বেশ কিছু বাংলাদেশিও উপস্থিত ছিলেন। প্রদর্শনী শেষে দর্শক মুহুর্মুহু করতালির মাধ্যমে তাদের ভালোবাসা প্রকাশ করেন। শো শেষ হওয়ার পরও দীর্ঘ সময় পর্যন্ত দর্শকরা ছবির পরিচালক এবং কলাকুশলীদের সঙ্গে মতবিনিময় করেন।

উল্লেখ্য, ২০১৬ সালের হলি আর্টিজান জঙ্গি হামলার ঘটনা অবলম্বনে ছবিটি নির্মিত হওয়ায় সেন্সর বোর্ডে আটকে আছে ছবিটি। বাংলাদেশে সেন্সরের কাঁটাতারের বেড়াজালে ছবিটি যখন আটকে আছে ঠিক তখনই ছবিটি প্রদর্শিত হলো মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। শুধু তাই নয়, জিতে নিল পুরস্কারও। বিষয়টি নিয়ে আশাবাদী ফারুকী। ‘শনিবার বিকেল’ সিনেমাটিতে কাজ করেছেন বিভিন্ন দেশের শিল্পী ও কলাকুশলীরা। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা ছাড়াও অভিনয় করেছেন বাংলাদেশের মামুনুর রশিদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী, ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়, ফিলিস্তিনের ইয়াদ হুরানি এবং আরও অনেকে। চলচ্চিত্রটির চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন কাজাখস্তানের চিত্রগ্রাহক আজিজ জাম্বাকিয়েভ। যিনি ২০১৩ সালে ‘হারমনি লেসন’ সিনেমাটির জন্য বার্লিন চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রগ্রাহকের পুরস্কার সিলভার বিয়ার জিতেছিলেন।