যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুপুর ১টার দিকে বেনাপোল চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তার ওপর ডিম ছোড়া হয় বলে জানা গেছে।
হামলার বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য খালিদ সাইফুল্লাহ জুয়েল। তিনি জানান, হামলায় চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন ছাত্রশক্তি নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, তাসকিন আহমেদ তাজিম এবং যুবশক্তি নেতা রুপম আহসান অর্ণবসহ আরেকজন। প্রত্যক্ষদর্শীরা জানান, ‘পুশইন’ ঘটনার প্রতিবাদে বেনাপোল সীমান্ত পরিদর্শন শেষে ফেরার পথে বেনাপোল চেকপোস্ট মোড়ে পৌঁছলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে জনতা হামলা চালায়। এ সময় তার গাড়ির একটি কাচ ভেঙে যায়। নেতাকর্মীরা দ্রুত নাসীরুদ্দীনকে নিয়ে যশোরের উদ্দেশে রওয়ানা দেন।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, হামলায় চারজন আহত হয়েছেন। তবে গাড়িতে থাকা নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব ফরিদুল হকসহ দলের অন্য নেতারা নিরাপদে ছিলেন।
