২০১২ সালে স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সম্প্রতি উত্তর মুগদায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে সম্পূর্ণ একা থাকতে শুরু করেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হোসেইন শুভ। গত মঙ্গলবার রাতে তার ঘর থেকে অসহ্য দুর্গন্ধ বের হতে থাকলে বাড়ির অন্যান্য ভাড়াটিয়া ও মালিকের মনে সন্দেহ জাগে। পরে তারা তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেন।
মুগদা থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন ভূঁইয়া বলেন, ঘরের ভেতর থেকে দুর্গন্ধ বের হওয়ায় বাড়ির মালিক জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে জানান। পরে থানায় জানানো হলে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উত্তর মুগদার আহমদবাগ এলাকার ভাড়া বাসার দরজা ভেঙে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় তানভীরের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার ভাই তানিম হোসেইন শাওন বাদী হয়ে অপমৃত্যুর মামলা করেন।
ডিএমপির সবুজবাগ জোনের এডিসি জাহিদ হোসেন বলেন, গতরাতেই আমরা নিহতের পরিচয় শনাক্ত করতে পেরেছি। মুগদা থানা পুলিশ ভাড়া বাসায় গিয়ে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। ভাড়াটে হিসেবে ওই ফ্ল্যাটে বসবাস করতেন শুভ।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, তানভীর হোসাইনের বাবার নাম তবারক হোসেন। তাদের স্থায়ী বাসা সেগুনবাগিচায় হলেও সম্প্রতি স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর উত্তর মুগদার ওই ফ্ল্যাটে সম্পূর্ণ একা থাকতে শুরু করেন তিনি। দীর্ঘ সময় একা থাকার কারণে তিনি মানসিক হতাশায় ভুগছিলেন।
