মিলার ‘স্বামী ছিনতাই’ করেছেন নওশীন!

মিলার সংগীতজীবন ভালো কাটলেও ব্যক্তিগত জীবনে সংকট কাটছে না। বৈমানিক পারভেজ সানজারির সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হলেও সাবেক স্বামীর সঙ্গে জড়িয়েছে আরেক অভিনেত্রীর নাম। ‘স্বামী ছিনতাই’-এর মতো উক্তিও এসেছে তার মুখ থেকে। পপ গায়িকা মিলার দাবি, পারভেজ সানজারির সঙ্গে অভিনেত্রী নওশীনের ‘ঘনিষ্ঠ সম্পর্ক’ ছিল। গত বুধবার বিকেলে ঢাকার বেইলি রোডের একটি রেস্তোরাঁয় সংবাদকর্মীদের কাছে সাবেক স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন মিলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ‘বিচার’ চেয়েছেন মিলা। মিলা আরও জানান, তখনো বিচ্ছেদ হয়নি, অথচ পারভেজের সঙ্গে নওশীনের নিয়মিত যোগাযোগ হতো। এমনকি পারভেজের সঙ্গে নওশীনের ঘনিষ্ঠ ছবিও দেখে অভিনেতা হিল্লোলকে (নওশীনের স্বামী) জানিয়েছিলেন। কিন্তু কোনো লাভ হয়নি। সাইবার ক্রাইমে উল্টো তার বিরুদ্ধে অভিযোগ করেছেন। মিলা আরও জানান, নওশীনের সঙ্গে তার সাবেক স্বামীর সম্পর্কের কারণেই সংসারজীবনে নেতিবাচক প্রভাব পড়েছিল। তার অভিযোগ, নওশীনের কারণেই ছিনতাই হয়েছে স্বামী।

এদিকে, মিলার সব অভিযোগই সরাসরি নাকচ করে দিয়েছেন নওশীন। তিনি বলেছেন, ‘তার (মিলা) অভিযোগ ভিত্তিহীন। আমি এর নিন্দা জানাচ্ছি। আমাকে ভুল বুঝেছেন মিলা। সংবাদ সম্মেলনে যে কণ্ঠ আমার বলে শোনানো হয়েছিল, সেটি আমার নয়। ওটা ভুয়া।’ নওশীন আরও বলেন, ‘মিলার সংসার ভাঙতে হলে তো আগে আমার সংসার ভাঙতে হবে। আমি আর হিল্লোল সুখে আছি। মিলার নামে সাইবার ক্রাইমেও আমি কোনো কিছু করিনি। আমি মিলার ভালো চাই। মিলার ব্যক্তিগত বিষয়ে আমাকে না জড়ানোর অনুরোধ করছি।’

গতকাল ভোরে ফেইসবুক লাইভে আসেন মিলা। এ সময় গণমাধ্যমগুলোর প্রতি আক্ষেপ করে তিনি বলেন, সংবাদ সম্মেলনে তিনি নিজের ও বাবা-মায়ের কষ্টের কথা তুলে ধরলেও খবরের শিরোনাম হয়েছে অভিনেত্রী নওশীনকে নিয়ে। মিলা বলেন, শিরোনাম হওয়া উচিত ছিল আমার বিচার চাওয়া নিয়ে।

১০ বছর চুটিয়ে প্রেমের পর ২০১৭ সালের মে মাসে পাইলট পারভেজ সানজারিকে বিয়ে করেন মিলা। অথচ বিয়ের মাত্র ১৩ দিন পরেই তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়, এরপর বিচ্ছেদ হয়।