অ্যাভেঞ্জার্সের টিকিট পেতে হুড়োহুড়ি

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ‘অ্যাভেঞ্জার্স’ ফ্রাঞ্চাইজির শেষ ছবি ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’। সিনেমাটি সারা বিশ্বে আজই মুক্তি পাচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারতসহ বিভিন্ন দেশে ‘এন্ডগেম’ অগ্রিম টিকিট বিক্রির দিক থেকে পুরোনো সব রেকর্ড ভেঙেছে। ঢাকায় গতকাল সকাল থেকে শুরু হয় এ ছবির অগ্রিম টিকিট বিক্রি।

‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’-এর অগ্রিম টিকিট পেতে গত বুধবার দিবাগত রাত ২টা থেকে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের বাইরে ভক্তরা জড়ো হতে থাকে। গতকাল ভোর ৫টার মধ্যে টিকিটের জন্য লাইন বসুন্ধরা সিটি শপিং মলের বাইরের রাস্তায় উঠে যায়। অন্যদিকে, একই অবস্থা ছিল স্টার সিনেপ্লেক্স সীমান্ত সম্ভারে। সেখানে সকাল৬টা থেকে লাইন ধরেন মার্ভেলভক্তরা। একসময় সীমান্ত স্কয়ার থেকে শুরু হয়ে সেই লাইন চলে যায় ধানমন্ডি ২-এর গলির ভেতর পর্যন্ত।

সকাল সাড়ে ৯টায় অগ্রিম টিকিট বিক্রি শুরুর কথা থাকলেও দর্শকের চাপে সকাল ৮টা থেকে স্টার সিনেপ্লেক্সকে তাদের কার্যক্রম শুরু করতে হয়। হাজার হাজার দর্শক গভীর রাত থেকে শপিং মলের বাইরে টিকিট কেনার জন্য অবস্থান নেন। দর্শকের চাপে সকাল ৭টায় বসুন্ধরা সিটি শপিং মল কর্তৃপক্ষকে খুলে দিতে হয় মূল ফটক। আর তখনই রীতিমতো যুদ্ধ শুরু হয়ে যায়। হুড়োহুড়ি করে জুতা খুলে দৌড়ে, হেঁটে, সিঁড়ি বেয়ে আটতলায় টিকিট কাউন্টারে উঠে যায় দর্শক। ভিড় সামলাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন। শুধু ঢাকা নয়, অনেক দর্শক ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকেও এই ছবির টিকিটের জন্য ছুটে এসেছেন। সেই ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, গতকাল দুপুর ১২টার মধ্য শেষ হয়ে গেছে আগামী শুক্র ও শনিবারের ৩৪টি শোর টিকিট। ঢাকায় রাজধানীর স্টার সিনেপ্লেক্সের দুটি শাখা, যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস ও চট্টগ্রামের সিলভার স্ক্রিনে এই ছবি প্রদর্শিত হবে। জো রুশো ও অ্যান্থনি রুশো পরিচালিত ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’-এ অভিনয় করেছেন রবার্ট ডাউনি জুনিয়র, ক্রিস হেমসওর্থ, স্কারলেট জোহানসন, মার্ক রাফেলোসহ একঝাঁক তারকা।