নতুন সিনেমায় ভিলেন শাহরুখ

কিছুদিন আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চেন্নাই সুপার কিংসের একটি ম্যাচ চলাকালীন গ্যালারিতে তামিল পরিচালক অ্যাতলি কুমারের পাশে শাহরুখ খানকে বসে থাকতে দেখা যায়। তখন থেকে গুঞ্জন শুরু হয়, তামিল সিনেমায় অভিষেক হতে যাচ্ছে এ বলিউড সুপারস্টারের। হিন্দি সিনেমায় শাহরুখের ক্যারিয়ার প্রায় ২৭ বছরের। কিন্তু এখন পর্যন্ত দক্ষিণের কোনো সিনেমায় তাকে অভিনয় করতে দেখা যায়নি। তবে শোনা যাচ্ছে, এবার তার সে স্বপ্নও পূরণ হতে যাচ্ছে। তামিল সুপারস্টার বিজয়ের পরবর্তী সিনেমা ‘থালাপতি ৬৩’তে নাকি ভিলেন হিসেবে শাহরুখকে অভিনয় করতে দেখা যাবে। প্রজেক্টটির সংশ্লিষ্ট সূত্র ভারতীয় একটি সংবাদমাধ্যমকে জানায়, সিনেমাটির প্রধান ভিলেন চরিত্রে শাহরুখ অভিনয় করবেন। সিনেমার শেষ ১৫ মিনিট ক্লাইম্যাক্সে এসে বিজয়ের সঙ্গে তাকে লড়তে দেখা যাবে। চরিত্রটির জন্য নির্মাতা বলিউডের জনপ্রিয় একজন অভিনেতার সন্ধানে ছিলেন। অ্যাতলি সিনেমাটির জন্য শাহরুখ খানকে যখন প্রস্তাব দেন, তখনই সঙ্গে সঙ্গে তিনি রাজি হয়ে যান। এরই মধ্যে চার থেকে পাঁচ দিনের শিডিউলও নাকি চূড়ান্ত হয়ে গেছে। চেন্নাই ও মুম্বাই মিলিয়ে ‘থালাপতি ৬৩’র শুটিং হবে। তবে সিনেমাটির মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।