রোজায় ঢাকার ১৬ স্থানে চিনি বিক্রি হবে

রমজান উপলক্ষে ঢাকার ১৬টি স্থানে বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের ট্রাকসেল কার্যক্রমের মাধ্যমে চিনি বিক্রি করা হবে। গতকাল বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০১৮-১৯ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত মন্ত্রণালয়ের প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এ কথা জানানো হয়।

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার সভায় প্রধান অতিথি ছিলেন। শিল্পসচিব মো. আবদুল হালিম সভায় সভাপতিত্ব করেন।

প্রতিমন্ত্রী বলেন, ইউরোপের অনেক উদ্যোক্তা চিনি শিল্প প্রতিষ্ঠানে উৎপাদন সক্ষমতা বাড়ানোর জন্য ঋণ দিতে আগ্রহী। পুরনো চিনি শিল্প কারখানায় আধুনিক যন্ত্রপাতি প্রতিস্থাপন করে সেগুলোকে পুনরায় লাভজনক করে তুলতে হবে। চিনি শিল্প প্রতিষ্ঠানের নিজস্ব জমিতে উন্নত মানের আখ উৎপাদনের মাধ্যমে চাষিদের উৎসাহিত করতে হবে।

সাভার ট্যানারি শিল্পনগরীর ইটিপি পরিচালনার জন্য ট্যানারি শিল্পগুলোর যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে ৩০ এপ্রিলের মধ্যেই একটি কোম্পানি গঠনের জন্য তাগাদা দিয়ে শিল্পসচিব লেদার ওয়ার্কিং গ্রুপের মান অনুযায়ী ইটিপি নির্মাণ ও পরিচালনার জন্য নির্দেশনা দেন। সভায় জানানো হয়, সাভার ট্যানারি শিল্পনগরীতে একটি ফায়ার স্টেশন নির্মাণের জন্য শিগগিরই জমি হস্তান্তর করা হবে।