বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড সৃষ্টি করেছে বাংলাদেশ। গতবছর সর্বোচ্চ ১১ হাজার ৬২৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সর্বোচ্চ রেকর্ড অতিক্রম করে গত বুধবার রাতে ১২ হাজার ৫৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে বংলাদেশ। বাংলাদেশের ইতিহাসে এটিই সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন।
বিদ্যুৎ উৎপাদনে নয়া রেকর্ড সৃষ্টির কথা গতকাল বৃহস্পতিবার দেশ রূপান্তরকে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পরিচালক সাইফুল হাসান চৌধুরী।
পিডিবির কর্মকর্তারা জানান, বাংলাদেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ১৪ হাজার মেগাওয়াট। লক্ষ্যমাত্রা অনুযায়ী উৎপাদন সম্ভব হয়নি।
দুই মাসের মধ্যে ১২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে বলে গত ২৩ মার্চ বলেছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তার এ বক্তব্যের এক মাসের মধ্যেই সেই লক্ষ্যে পৌঁছেছে বাংলাদেশ। পিডিবির কর্মকর্তারা জানান, গ্রীষ্ম ও রমজান মাস সামনে রেখে এবার বিদ্যুৎ উৎপাদনে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। লোডশেডিং কমাতে আরও ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা রয়েছে পিডিবির।
২০০৯ সালে নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পর বিদ্যুৎ সংকট কাটাতে বড় ধরনের পরিকল্পনা হাতে নেয় সরকার। তারই অংশ হিসেবে গত ১০ বছরে বাংলাদেশে বিদ্যুৎখাতে বিপুল পরিমাণ বিনিয়োগ হয়েছে।