আদিতমারীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আলমগীর (৩২) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তিনি উপজেলার দিঘলটারী ডিগ্রির চর গ্রামের মৃত মোস্তফার ছেলে। পুলিশের দাবি, আলমগীর হত্যাসহ একাধিক মামলার আসামি।
আদিতমারী থানার ওসি মাসুদ রানা জানান, গত বুধবার রাত ৯টার দিকে দিঘলটারী এলাকা থেকে আলমগীরকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যদের ধরতে স্বর্ণামতী সেতু এলাকায় যায় পুলিশ। এ সময় আলমগীরের সহযোগীরা গুলি করে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পুলিশ পাল্টা গুলি চালালে তিনি দুই পায়ে গুলিবিদ্ধ হন। বন্দুকযুদ্ধে এসআই মিজানুর রহমান, এএসআই মিজান ও কনস্টেবল নাজিউর আহত হয়েছেন। আলমগীরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, গত ২৩ মে উপজেলার মান্নানের চৌপতি এলাকা থেকে রেজ্জাকুল নামে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। ওই মামলার সন্দেহজনক প্রধান আসামি আলমগীর। তার বিরুদ্ধে পুলিশকে আহত করাসহ একাধিক মাদক মামলা রয়েছে।