ঠাকুরগাঁও-৩ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচিত সংসদ সদস্য (এমপি) জাহিদুর রহমান জাহিদ বলেছেন, ‘দলের সিদ্ধান্ত অমান্য করে সংসদে যোগ দেওয়ার অপরাধে বহিষ্কার করা হলেও আমি বিএনপিতেই থাকব। একজন সাধারণ কর্মী কিংবা সমর্থক হিসেবে বিএনপিতে থাকব। এই অধিকার থেকে তো কেউ আমাকে বঞ্চিত করতে পারবে না।’ সংসদ অধিবেশনে যোগদানের আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে দেশ রূপান্তরকে এ কথা বলেন তিনি। গতকাল দুপুরে এমপি হিসেবে শপথ নেন বিএনপি নেতা জাহিদ। তার শপথ নেওয়ার ঘণ্টাখানেক পর এক মানববন্ধনে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘দলের সিদ্ধান্ত অমান্য করে যে শপথ নিয়ে সংসদে যাবে সে গণদুশমন হবে।’
গয়েশ্বরের মন্তব্যের বিষয়ে জানতে চাইলে জাহিদ বলেন, ‘দলের জ্যেষ্ঠ নেতারা অনেক কিছু বলতে পারেন। এটা নিয়ে তিনি কিছুই ভাবছেন না। চিন্তা করছেন না।’
দলের চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে থাকার পরও কেন সংসদে গেলেনÑ এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাইরে থেকে তো অনেক কথা বলা হয়েছে কিন্তু চেয়ারপারসন মুক্ত হতে পারেননি। এখন সংসদে গিয়ে তার মুক্তির জন্য কথা বললে কাজ হতে পারে। তাছাড়া সারা দেশে অনেক নেতাকর্মী মিথ্যা মামলায় জেলে রয়েছেন, তাদের মুক্তির জন্য সংসদে কথা বলব।’
জাহিদ আরও বলেন, ‘নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকে এলাকার জনগণ সংসদে যাওয়ার জন্য চাপ দিচ্ছে। তাদের পক্ষে কথা বলতে সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’