দাবদাহ আরও দুয়েক দিন, মাসের শেষে হতে পারে ঘূর্ণিঝড়

কয়েক দিন ধরেই রাজধানীসহ সারা দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। দাবদাহে অতিষ্ঠ পুরো দেশবাসী। গত কয়েক দিনের মধ্যে গতকাল বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তাপপ্রবাহের মাত্রা মৃদু অবস্থা থেকে বেড়ে মাঝারি ছুঁই ছুঁই। আরও দুয়েক দিন এই তাপদাহ অব্যাহত থাকতে পারে এবং মাসের শেষদিকে ঘূর্ণিঝড়েরও শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গতকাল বেলা ৩টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকাতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘শুক্রবারও তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তাপপ্রবাহ মৃদু অবস্থা থেকে মাঝারি আকার ধারণ করতে পারে। তবে এটি দুয়েক দিনের বেশি থাকবে না।’

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে মৃদু তাপপ্রবাহ, ৩৮ থেকে ৪০ ডিগ্রির মধ্যে হলে মাঝারি, ৪০ থেকে ৪২ ডিগ্রির মধ্যে হলে তীব্র এবং তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে তাকে অতি তীব্র তাপপ্রবাহ বলা হয়ে থাকে।

এর আগে আবহাওয়াবিদ আবদুর রহমান খান দেশ রূপান্তরকে বলেছেন, চলতি মাসের ২৮-২৯-৩০ তারিখের দিকে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তখন তাপমাত্রাও কিছুটা কমবে। আগামী মে মাসের ১০-১২ তারিখের দিকে কালবৈশাখী হওয়ার শঙ্কা আছে। এছাড়া সাগরে নিম্নচাপেরও আশঙ্কা রয়েছে।

মাসের শেষদিকে ঘূর্ণিঝড়ের শঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, ‘এ মাসের শেষদিকে মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হতে পারে। নিম্নচাপটি শক্তিশালী হয়ে ৩০ এপ্রিলের পর ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এরপর সেটি আগামী ৩ মে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে।’

আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।