সিরাজগঞ্জে তাড়াশ সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা চলাকালে এক ছাত্রী যৌন নিপীড়নের শিকার হয়েছে। গত বুধবার কম্পিউটার প্রোগ্রামিং বিষয়ে পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রদর্শক মোজাহারুল ইসলামকে (৪০) মারধর করে কলেজের একটি কক্ষে আটকে রাখে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
ঘটনার পর ওই ছাত্রী কলেজ অধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ করেন। পরে বাদী হয়ে থানায় মামলা করেছেন।
গতকাল বৃহস্পতিবার শিক্ষককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। মোজাহারুল তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের কম্পিউটার প্রদর্শক। এদিকে বিভিন্ন স্থানে শিশু-স্কুলছাত্রী, গৃহবধূসহ পাঁচজন ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে গত বুধবার রাতে পটুয়াখালীর কলাপাড়া বেতমোর গ্রামের এক নববধূ ধর্ষণের শিকার হয়েছেন। তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে (১৯) ধর্ষণের অভিযোগ উঠেছে। পাবনার সুজানগরের আমিনপুরে দশম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অনিক হাসান (১৯) নামে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নে কর্ণপুর চওরাটারী গ্রামের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাবিব (৩০) নামে এক বখাটেকে আটক করেছে পুলিশ। ময়মনসিংহের ভালুকায় ধামশুর গ্রামে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক স্কুললছাত্রী (১০) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হেমেন্ত চন্দ্র মন্ডল (৫২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে :
মাদ্রাসায় পরীক্ষা কেন্দ্রে ছাত্রীকে যৌন হয়রানি : সিরাজগঞ্জে তাড়াশ সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা চলাকালে এক ছাত্রী যৌন নিপীড়নের শিকার হয়েছে। মামলার অভিযোগ থেকে জানা যায়, ওই ছাত্রী বিএম শাখার প্রথম বর্ষের শিক্ষার্থী। গত বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তাড়াশ সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্রে কম্পিউটার প্রোগ্রামিং বিষয়ে পরীক্ষা দিচ্ছিল। এ সময় কম্পিউটার প্রদর্শক মোজাহারুল ইসলাম তাকে যৌন হয়রানি করেন। এর আগেও ওই শিক্ষক ছাত্রীকে একাধিকবার উত্ত্যক্ত করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাফর ইকবাল বলেন, ‘ম্যানেজিং কমিটির সঙ্গে আলোচনা করে অভিযুক্ত কম্পিউটার প্রদর্শককে বুধবার রাতেই পুলিশে সোপর্দ করা হয়।’
তাড়াশ থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, ওই ছাত্রী নিজে বাদী হয়ে মামলা দায়ের করায় বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পটুয়াখালীতে নববধূ ধর্ষণের শিকার : পটুয়াখালীর কলাপাড়া বেতমোর গ্রামের এক নববধূ ধর্ষণের শিকার হয়েছে। তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত বুধবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকার বখাটে রাসেল রফিক খালেক জাফরকে আসামি করে থানায় মামলা করেছেন নববধূর স্বামী।
মামলা সূত্রে জানা যায়, গত বুধবার উপজেলার আমতলী থেকে বেতমোর গ্রামে খালার বাড়ি বেড়াতে যান ওই ওই নববধূ। সন্ধ্যায় স্থানীয় বখাটে রাসেল, রফিক, খালেক ও জাফর ওই বাড়িতে প্রবেশ করে। দম্পত্তির বিয়ে হয়নি দাবি করে ৫০ হাজার টাকা চাঁদা চায়। একপর্যায়ে নববধূর মুখ চেপে বাড়ির পাশে মাঠের মধ্যে নিয়ে রফিক নামের বখাটে তাকে ধর্ষণ করে। ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ধর্ষকসহ বখাটেরা পালিয়ে যায়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।
দেবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণ : পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে (১৯) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার রাতে ওই গৃহবধূ বাদী হয়ে স্থানীয় মো. শাহীন (২২) নামে এক তরুণের বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনার পর থেকেই শাহীন পলাতক। গতকাল দুপুরে পঞ্চগড় সদর হাসপাতালে ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বুধবার সকালে উপজেলার সোনাহার ইউনিয়নের মাঝপাড়া এলাকার ওই গৃহবধূ পাশর্^বর্তী ধনতলা গ্রামে একটি বেসরকারি সংস্থার ঋণের কিস্তি আদায় কেন্দ্রে টাকা দিতে যান। এ সময় ওই কেন্দ্রে গৃহবধূকে একা পেয়ে ধর্ষণ করে শাহীন। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলে রাতে দেবীগঞ্জ থানায় ধর্ষণ মামলা করেন।
পাবনায় স্কুলছাত্রী ধর্ষণ : পাবনার সুজানগরের আমিনপুরে দশম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। বুধবার রাতে অনিক হাসান (১৯) নামে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অনিক দুলাই কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, কলেজছাত্র অনিক সোনাতলা গ্রামে মামার বাড়িতে থেকে লেখাপড়া করে। মঙ্গলবার ওই ছাত্রীকে মোবাইল ফোনে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। গত বুধবার দুপুরে স্কুলছাত্রী তার মায়ের সঙ্গে থানায় এসে অভিযোগ করে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে রাতে আটক করে।
আমিনপুর থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম পিপিএম জানান, এ বিষয়ে স্কুলছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেছেন।
লালমনিরহাটে এক শিশুকে যৌন নিপীড়ন : লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নে কর্ণপুর চওরাটারী গ্রামের এক শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে হাবিব (৩০) নামে এক বখাটেকে আটক করেছে পুলিশ। গত বুধবার গভীর রাতে ওই গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বখাটে হাবিব রাস্তা থেকে ওই শিশুকে তুলে নিয়ে তার বাড়িতে যৌন নিপীড়নের চেষ্টা করে। এ সময় ওই শিশুটির চিৎকারে তার নানা-নানিসহ এলাকার লোকজন এগিয়ে এসে শিশুটিকে উদ্বার করে। এ সময় হাবিব সুজল নামে একজনকে আঘাত করে পালিয়ে যায়।
এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজার রহমান জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি আমলে নিয়ে অভিযুক্ত হাবিবকে আটক হরা হয়েছে।