সাম্প্রতিক ব্রুনাই সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস রানা গণমাধ্যমকে জানিয়েছেন, বিকেল ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন হবে।
গত ২১ এপ্রিল ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়ার আমন্ত্রণে দেশটিতে তিন দিনের সরকারি সফরে যান প্রধানমন্ত্রী। সফরকালে তিনি সুলতানের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনাসহ তার এবং রাজপরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। বাংলাদেশ-ব্রুনাই বিজনেস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানসহ বেশ কিছু কর্মসূচিতেও যোগ দেন শেখ হাসিনা। সফরে দুই দেশের মধ্যে কৃষি, মৎস্য, পশুসম্পদ, ক্রীড়া ও সংস্কৃতি এবং এলএলবি সরবরাহ-সংক্রান্ত সাতটি চুক্তি হয়। এর মধ্যে ছয়টি সমঝোতা স্মারক (এমইউ) ও একটি বিনিময় নোট। সেগুলো হলো কৃষিক্ষেত্রে বৈজ্ঞানিক ও কারিগরি সহযোগিতার সমঝোতা স্মারক, মৎস্য ক্ষেত্রে সহযোগিতার সমঝোতা স্মারক, পশুসম্পদ ক্ষেত্রে সহযোগিতার সমঝোতা স্মারক, সাংস্কৃতিক ও শিল্প সহযোগিতা সম্পর্কিত সমঝোতা স্মারক, যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতার সমঝোতা স্মারক, এলএলবি সরবরাহে সহযোগিতার ক্ষেত্র-সম্পর্কিত সমঝোতা স্মারক এবং কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্ট হোল্ডারদের জন্য ভিসার ছাড়সংক্রান্ত বিনিময় নোট।