সৈকতে মাদক ব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন

চট্টগ্রামের আনোয়ারায় পারকি সমুদ্রসৈকতে ‘আপত্তিকর’ কার্যকলাপ ও মাদক ব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। গতকাল শুক্রবার দুপুরে সৈকতের বেড়িবাঁধ এলাকায় অবস্থান নিয়ে স্থানীয় কয়েক শ বাসিন্দা এ বিক্ষোভ করেন। সমাবেশ থেকে অবিলম্বে অবৈধ বস্তি উচ্ছেদ, মাদক ব্যবসা বন্ধ ও আপত্তিকর কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবি জানানো হয়।

সভাপতির বক্তব্যে ছাত্রনেতা শাহেদুল ইসলাম বলেন, প্রশাসনের যোগসাজশে দীর্ঘদিন ধরে পারকি সৈকতে মাদক ব্যবসাসহ আপত্তিকর কার্যকলাপ চালিয়ে যাচ্ছে একটি প্রভাবশালী চক্র।

চট্টগ্রাম জেলা সৈকত ব্যবস্থাপনা কমিটির সদস্য ও বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ্ বলেন, ‘পারকি সৈকতে এসব আপত্তিকর কর্মকাণ্ড দীর্ঘদিনের। দিন দিন আরও বাড়ছে।’

এ ব্যাপারে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর মাহমুদ বলেন, আপত্তিকর কর্মকাণ্ডের বিরুদ্ধে সৈকতে পুলিশের অভিযান অব্যাহত আছে।