মৌলভীবাজারে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শহরের চিহ্নিত ও শীর্ষ মাদক ব্যবসায়ী মুহিবুর রহমান জিতু নিহত হয়েছে। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই মুমিন উল্লাহসহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছে।
শনিবার দুপুর ১ টার দিকে এই ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ ইয়াবা ও অস্ত্র উদ্ধার করেছে।
মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক জানান, শহরতলির রায়শ্রী এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে মাদক বেচা-কেনা হচ্ছে এমন খবরের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জিতু ও সহযোগী শিপন গুলি করে। আত্মরক্ষার্থে ডিবি পুলিশও পাল্টা গুলি করলে জিতু আহত হয়।
আহত মাদক ব্যবসায়ীকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থল থেকে সহযোগী শিপন পালিয়ে যায়।
পুলিশ জানায়, চিহ্নিত মাদক ব্যবসায়ী মুহিবুর রহমান জিতুর বিরুদ্ধে ১২টি মাদকের মামলা সহ ১৮ থেকে ২০টি মামলা রয়েছে।