ঝিনাইদহের মহেশপুরে মা ও নানি হত্যা মামলায় অভিযুক্ত ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত ভোররাতে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, ইমরান হোসেন কুষ্টিয়ার বটতৈল এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে ভোররাতে পুলিশ অভিযান চালায়। এসময় বটতৈল এলাকার একটি দোকানের সামনে থেকে ইমরান হোসেনকে গ্রেপ্তার করে।
পরে তার স্বীকারোক্তি মোতাবেক নিজ বাড়ি থেকে হত্যায় ব্যবহৃত একটি বটি উদ্ধার করা হয়। তবে কি কারণে সে তার মা ও নানিকে হত্যা করেছে তা জানাতে পারেনি পুলিশ।
গত বৃহস্পতিবার গভীর রাতে নিজ ঘরে মা মর্জিনা খাতুন ও নানি শাসুন্নাহারকে বটি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ইমরান। সেখান থেকে তাদের উদ্ধার করে যশোর মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শুক্রবার রাতে নিহত মর্জিনা খাতুনের ভাই কুদরত হোসেন বাদি হয়ে ইমরান হোসেনকে আসামি করে মহেশপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।